এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ মার্চ : কেরলে ২০১৯ সালের বিধানসভার ভোটে নির্বাচন কমিশনের একটি পুরোনো নির্দেশিকাকে তুলে ধরে বিজেপি ও নির্বাচন কমিশনের গোপন আঁতাতের অভিযোগে সরব হয়েছে এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । আর এটাকে হাতিয়ার করে “বাম-ডান” বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । আজ মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, “কমিশনের নোটিফিকেশনে কেন বিজেপির চিহ্ন থাকবে? কমিশন আসলে কার ইশারায় চলছে? এই ঘটনা প্রমাণ করে দেয় যে বিড়াল ঝুলি থেকে বেরিয়ে পড়েছে এবং কমিশন নিরপেক্ষতা হারিয়েছে ।” সেই সময় তার হাতে ছিল ওই বিতর্কিত নোটিশ নিয়ে প্রকাশিত একটি খবরের প্রতিবেদন ।
কেরলে নির্বাচন কমিশনের ওই পুরোনো নির্দেশিকার লেটারহেডে বিজেপির প্রতীক ও সিলমোহর ছিল বলে অভিযোগ । মমতা ব্যানার্জি বলেছেন,’বিজেপির স্বৈরতন্ত্রকে ধ্বংস করে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে প্রত্যেকটা রাজনৈতিক দলকে এখন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। কে ডান আর কে বাম ভুলে যান, ‘এক দেশ, এক রাজনৈতিক দল’ করতে চাইছে যাঁরা, তাঁদের বিরুদ্ধে বৃহত্তর লড়াইয়ের সময় এসেছে।’ সেই সাথে তিনি সোমবার মধ্যরাতে কেন এসআইআর (SIR)-এর সাপ্লিমেন্টারি তালিকা বেরোল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন৷ তিনি বলেন,’স্বচ্ছতা থাকলে তালিকা বের করতে এত ভয় কেন? নিশ্চয়ই কোনো কারচুপি করা হয়েছে।’ একতরফাভাবে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সুবিধা করে দিতেই এই গোপনীয়তা বজায় রাখা হচ্ছে বলেও অভিযোগ তোলেন মমতা ।।
