এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,১৩ ফেব্রুয়ারী : দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক ময়নার বাসিন্দা চন্দন মন্ডল আজ আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করলেন। আজ শুক্রবার কলকাতায় তৃণমূল ভবনে আয়োজিত যোগদান কর্মসূচিতে চন্দন মন্ডলের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী চন্দিমা ভট্টাচার্য ও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ । যোগদানের পর চন্দন মন্ডল এলাকায় ফিরতেই একদিকে তৃণমূলের লোকজন যেমন তাকে ফুলমালা পরিয়ে অভ্যর্থনা জানায়, পাশাপাশি অন্যদিকে তমলুক সাংগঠনিক জেলা জুড়ে গেরুয়া আবীর খেলে ও মিষ্টি বিতরণ করে “আবর্জনা ও জঞ্জালমুক্ত দিবস” পালন করে বিজেপি।
প্রসঙ্গত,ময়নার বিজেপি বিধায়ক প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্ডার সাথে চন্দন মন্ডলের দীর্ঘদিন ধরে দন্দ্ব চলছিল । এক মঞ্চে দুজনকে দেখা যেতো না । বিধায়ক ও চন্দন মন্ডল পৃথক পৃথক কর্মসূচী করতেন । তারপর থেকেই চন্দন মন্ডলের তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা শুরু হয় । অবশেষে আজ যাবতীয় জল্পনায় জল ঢেলে দিয়ে আজ কলকাতার তৃনমূল ভবনে গিয়ে তৃনমূলে যোগদান করলেন চন্দন মন্ডল।
পরে তিনি ময়নায় ফিরে আসতেই ময়নার তিন রাস্তার মোড়ে তাকে সংবর্ধনা জানায় ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা । অন্যদিকে তখন চন্দন মন্ডলের দলত্যাগ উদযাপন করে বিজেপি । আজ বিকেলে বাকচা -গোজিনা অঞ্চল বিজেপির ডাকে বাইক মিছিল বের হয় । তৃণমূল শাসিত ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মিষ্টিমুখ করিয়ে “আবর্জনা ও জঞ্জালমুক্ত দিবস” বলে দিনটি উদযাপন করেন । ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার দাবি, “বিজেপিতে বিধানসভার টিকিট পাওয়ার কোনো সম্ভাবনা দেখতে না পেয়েই চন্দন মন্ডল তৃণমূলে যোগ দিয়েছেন৷’ তৃণমূল তাকে আসন্ন বিধানসভার ভোটে ময়না কেন্দ্র থেকে টিকিট ও মদের লাইসেন্স পাইয়ে দেওয়ার লোভ দেখিয়েছে বলেও তিনি দাবি করেন । তিনি আরও বলেন,’আমি ও শুভেন্দু অধিকারী এক সময় তৃণমূলে ছিলাম । আমরা তৃণমূলকে হাড়েহাড়ে চিনি । চন্দন মণ্ডল পরে বুঝবেন তৃণমূল কি জিনিস ।” পাশাপাশি তিনি এটাও জানান যে ময়না আসনে বিজেপি যাকেই প্রার্থী করুক না কেন তাকে ২০-৩০ হাজার ভোটে তারা জেতাবেন । এখন বিধানসভার ভোটের আগে শুভেন্দু অধিকারীর গড়ে এক হেভিওয়েট বিজেপি নেতার তৃনমূলে যোগদান নির্বাচনে কতটা প্রভাব ফেলে সেদিকে তাকিয়ে জেলার রাজনৈতিক মহল।।

