এইদিন বিনোদন ডেস্ক,০৮ এপ্রিল : মিস ইন্ডিয়া আর্থ-২০১৯ বিজয়ী বলে দাবি করা চার সন্তানের জননী সায়ালি সারভেনি নিখোঁজ হয়েছেন। পুনের বাসিন্দা এই নারী ২০১৯ সালে প্রেমিক আতিফকে বিয়ে করার জন্য ইসলামে ধর্মান্তরিত হন এবং তার নাম ‘আলিজা’ রাখা হয়৷ সম্প্রতি তিনি স্বামী আতিফের বিরুদ্ধে ধর্ষণ ও জোরপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগ তুলে চার সন্তানকে নিয়ে পুনের একটি মন্দিরে গিয়ে যজ্ঞানুষ্ঠান করে ফের হিন্দু ধর্মে ফিরে আসেন৷ কিন্তু পুনের চিঞ্চওয়াড়ে বসবাসকারী এই নারীকে আর দেখা যাচ্ছে না।
ফের ধর্মান্তরিত হওয়ার কয়েকদিনের মধ্যেই তিনি লোকচক্ষুর আড়ালে চলে গেলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। তার বাবা-মা পুনে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তারা মেয়ের প্রাক্তব স্বামীর বিরুদ্ধে সায়ালি সারভেনিকে অপহরণের অভিযোগ তোলেন।
২০১৯ সালে ভায়ান্দরের ব্যবসায়ী আতিফ তাসের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলিজা ওরফে সায়ালি সারভেনি । বিয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে আতিজা তাসে রাখেন। তবে একটি ঘটনার কারণে তাদের বিয়ে খুব দ্রুতই ভেঙে যায়। তিনি এর আগে অভিযোগ করেছিলেন যে আতিফ তাসেকে বিয়ে করাটা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তিনি বলেছিলেন যে তিনি শুধুমাত্র তার সন্তানদের জন্য শারীরিক নির্যাতন সহ্য করেছিলেন। তার থেকে আলাদা হয়ে যাওয়ার পর তিনি হিন্দু ধর্মে ফিরে আসেন এবং নিজের নাম পরিবর্তন করে আদ্যা সুরভে রাখেন। এই ঘটনার কয়েকদিনের মধ্যেই তার অপহরণের ঘটনা আলোচনার বিষয় হয়ে ওঠে।।
