এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ এপ্রিল : সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন ভারতের টেনিস তারকা লিয়েন্ডার পেজ৷ আজ কলকাতার সল্টলেকে বিজেপির পার্টি অফিসে তাকে সংবর্ধনা জানানো হয় । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এরাজ্যের খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি। লিয়েন্ডার পেজ আফসোস করে বলেন, বিগত ১০০ বছরে পশ্চিমবঙ্গে একটাও টেনিসের ইনডোর স্টেডিয়াম হয়নি । পাশাপাশি খেলাধুলার নিয়ে নরেন্দ্র মোদীর মানসিকতার খোলাখুলি প্রশংসা করেন তিনি ।
লিয়েন্ডার পেজ বলেন,’১৯৮০ দশকে আমি যখন ছোট ছিলাম তখন এখানে খেলাধুলার কোন পরিকাঠামো ছিল না । আজ দেখুন কলকাতায় দুটো স্টেডিয়াম আছে। ক্রিকেটের জন্য ইডেন গার্ডেন্স৷ ফুটবলের জন্য সল্টলেক স্টেডিয়াম । কিন্তু অন্য খেলাধুলার জন্য কি আছে ? ওদের জন্য আমরা কি করছি ? ওদের দিকে আমরা কতটা নজর দিচ্ছি ? অলিম্পিক স্পোর্টসের জন্য আমরা কতটা নজর দিচ্ছি ? আমাদের খেলায় (টেনিস) বাংলা একটাও স্টেডিয়াম নেই । যখন ডেভিস কাপ হয় তখন কাঠ দিয়ে আমরা স্টেডিয়াম তৈরি করতাম । সাত দিন পরে ওই কাঠগুলোকে ভেঙে দিত । আমাদের বাংলায় একটাও ইনডোর টেনিস কোর্ট নেই । গরমের মরশুমে ছেলেরা খেলতেই পারে না ।’
তিনি বলেন,’স্যার নোম্যান পিচার্স অলিম্পিক খেলেছেন । আর ১৯০০ থেকে এযাবৎ মাত্র চারজন অলিম্পিকের মেডেল জিতেছেন৷ বিগত ১০০ বছর ধরে আমরা অলিম্পিকের জন্য কি করেছি ? যুব প্রজন্মের উন্নয়নের জন্য কি করেছি আমরা ? ওই চারজন হলেন লেজলি ক্লোডিয়াস ও গুরবক সিং । তারা ১৯৪০ ও ১৯৫০ এ মেডেল জিতেছেন৷ আর ওই চারজনের মধ্যে দুজন আমাদের ঘরের । বাবা আর আমি ।’ তিনি এও বলেন,’কলকাতার স্পোর্টস কালচার অনেক আছে । মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং অথবা মহেন্দ্র অ্যান্ড মহেন্দ্র বা কাস্টমস কলকাতা স্পোর্টস হিস্ট্রি অনেক আছে ।’
দেশ, দেশের যুব সম্প্রদায় ও খেলাধুলার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুয়সী প্রশংসা করেন লিয়েন্ডার পেজ৷ তিনি বলেন,’আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমায় দিল্লি ডেকেছিলেন । আমি দিল্লি গিয়েছিলাম,তাকে আমার সম্মান জানানোর জন্য । আর আমি ওনাকে খুব ধন্যবাদ দিতে চাই এই কারণে যে উনি একজন বাংলার ছেলেকে তার সাথে সাক্ষাৎ করার সুযোগ দিয়েছেন । মন খুলে কথা বলেছিলেন । অত্যন্ত স্নেহের সাথে কথা বলেছিলেন । প্রধানমন্ত্রীকে আমি সমস্ত কথা খুলে বলেছিলাম । আমি বলেছিলাম যে বাংলাকে আমি ওল্ড এজ হোম করতে চাই না । আমি বাংলা এবং বাংলার যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ তৈরি করতে চাই । এটাই আমার স্বপ্ন ।’
তিনি বলেন,’বাংলার যুব সম্প্রদায় কখনো ব্রেন ড্রেন হয়নি । অন্য রাজ্যে যায়নি । অন্য দেশেও যায়নি । আমি এখানকার ছেলেমেয়েদের এখানেই তৈরি করতে চাই । স্পোর্টস এবং স্পোর্টস এডুকেশনের সাথে বাংলার ইন্ডাস্ট্রি, বাংলার পরিকাঠামো, বাংলার স্পোর্টস এডুকেশন, আর স্পোর্টস সম্পর্কীয় সমস্ত ব্যবসায় দেশ এবং দুনিয়ায় স্থান বানাতে চাই । আর এই কারণে আমি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীজি কে ধন্যবাদ জানাতে চাই যে উনি আমার সব কথা শুনেছিলেন ।’
লিয়েন্ডার পেজ বলেন,’উনি তখন আসামে ছিলেন । এই বয়সে গোটা দিন দেশের জন্য পরিশ্রম করেন । দেশবাসীর জন্য ওনার বুকের জোর কতটা দেখুন, কাজ সেরে দিল্লি ফিরে এসে বাংলার একটা ছেলেকে ডেকে পাঠালেন । বসালেন এবং কথা বললেন । আর মূল বিষয়বস্তুগুলো শোনার পর মোদীজি আমাকে স্পষ্ট ভিজন ঠিক করে দিয়েছিলেন । ইউথ এন্ড স্পোর্টস ।’ তিনি আরও বলেন,’মোদিজীর ভিজন দেশের জন্য । মোদিজীর ভিজন যুব সম্প্রদায়ের জন্য । মোদিজীর ভিজন খেলাধুলার জন্য । মোদিজীর সেই ভিজনকে নিয়েই আজ আমি আপনাদের সামনে বসে আছি । দেশের যুব সম্প্রদায় খেলাধুলো এবং ভারতকে বিশ্বের সুপার পাওয়ার বাড়ানোর জন্য মোদিজীর সব কিছু করতে পারে ।’।
