এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১১ ফেব্রুয়ারী : দিন দুয়েক আগে দিল্লির পীরাগড়ি ফ্লাইওভারের কাছে একটি গাড়ি পার্ক করা অবস্থায় পাওয়া গিয়েছিল। গাড়ির ভেতরে তিনজনের মৃতদেহ পাওয়া গিয়েছিল। মৃতদেহগুলি স্বামী-স্ত্রী ও তাদের ছেলের৷ তাদের নাম রণধীর সিং (৬০), লক্ষ্মী সিং (৪০) এবং শিবনারায়ণ (৪০) । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পুলিশ জানতে পারে যে তীব্র বিষ মেশানো লাড্ডু খাওয়ার ফলেই তাদের মৃত্যু হয়েছে । প্রথমে বিষয়টি আত্মহত্যা বলে মনে করে পুলিশ । কিন্তু এখন পুলিশ প্রকাশ করেছে যে তিনজনকেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল । এই ঘটনায় উত্তরপ্রদেশের ফিরোজাবাদের কামরুদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃত কামরুদ্দিনকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে যে, সে নিজেকে হিন্দু তান্ত্রিক পরিচয় দিয়ে ওই পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা গড়েছিল । সে দাবি করেছিল যে তার কাছে এমন একটি তান্ত্রিক কৌশল আছে যা অনুশীলন করার সাথে সাথে তাদের টাকা দ্বিগুণ হয়ে যাবে। সে বলেছিল, “তোমাদের যা কিছু টাকা আছে তা নিয়ে এসো, অথবা কারো কাছ থেকে ধার করো, আমি দ্বিগুণ করে দেব।”
এরপর পরিবারটি ৩০০,০০০ টাকার ব্যবস্থা করেছিল। কামরুদ্দিন পরিবারটির চারচাকা গাড়িতে চড়ে যাওয়ার সময় ৩,০০,০০০ টাকা হাতিয়ে নিয়ে তাদের মারাত্মক বিষ মেশানো লাড্ডু খেতে দেয় । তারপর পরিস্থিতি বুঝে পীরাগড়ি ফ্লাইওভারের কাছে সে নেমে যায়৷ এদিকে বিষের প্রভাবে তিনজনেরই মৃত্যু হয় । পুলিশ জিজ্ঞাসাবাদে সে এই ভয়াবহ হত্যাকাণ্ডের তথ্য প্রকাশ করে । পুলিশ জানতে পেরেছে যে এর আগে কামরুদ্দিন রাজস্থানে দুইজন এবং উত্তর প্রদেশে তিনজনকে একইভাবে হত্যা করেছে । পুলিশ তাকে হেফাজতে নিয়ে আরও তদন্ত করছে ।।

