এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,০৭ এপ্রিল : জম্মু ও কাশ্মীর পুলিশ লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত একটি আন্তঃরাজ্য সন্ত্রাসী মডিউল ভেঙে দিয়েছে এবং ১৬ বছর ধরে পলাতক থাকা এক মূল সন্ত্রাসীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন। ধৃতদের মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে পলাতক সন্ত্রাসী আবদুল্লাহ ওরফে আবু হুরেরা এবং আর এক পাকিস্তানি সদস্য উসমান ওরফে খুবাইব। জম্মু ও কাশ্মীর পুলিশ এবং কেন্দ্রীয় সংস্থাগুলো যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
কর্মকর্তারা জানান, জম্মু ও কাশ্মীর, রাজস্থান এবং হরিয়ানা জুড়ে ১৯টি স্থানে অভিযান চালানো হয়, যার ফলে আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়েছে এবং সন্ত্রাসীদের রসদ ও আর্থিক সহায়তা প্রদানকারী একটি সুসংগঠিত নেটওয়ার্ক উন্মোচিত হয়েছে। ধৃতদের মধ্যে শ্রীনগরের তিন বাসিন্দা মোহাম্মদ নাকীব ভাট, আদিল রশিদ ভাট এবং গোলাম মোহাম্মদ মীর ওরফে মামা — যারা সন্ত্রাসীদের আশ্রয়, খাদ্য এবং অন্যান্য সহায়তা প্রদান করত বলে অভিযোগ রয়েছে।তদন্তকারীরা প্রকাশ করেছেন যে, এই চক্রটি জাল নথি ও পরিচয় ব্যবহার করে একজন বিদেশি সন্ত্রাসীকে বিদেশে যেতে সাহায্য করেছিল। গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীরা প্রায় ১৬ বছর আগে ভারতে অনুপ্রবেশ করেছিল এবং কাশ্মীর উপত্যকার একাধিক জেলায় সক্রিয় ছিল।কর্মকর্তারা আরও জানান, এই মডিউলটি বিগত বছরগুলোতে প্রায় ৪০ জন বিদেশি সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছে, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর হাতে নিকেশ হয়েছে।।
