এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০২ এপ্রিল : তেহরান কোনো চুক্তিতে না পৌঁছলে তাদের ‘প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার’ হমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করেছেন যে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র ইরানের সব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাতে পারে এবং এমনকি দেশটির তেল শিল্পের ওপর হামলারও ইঙ্গিত দিয়েছেন তিনি । তিনি বলেন,”যদি কোনো চুক্তি না হয়, তাহলে আমরা তাদের প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে খুব কঠোরভাবে এবং সম্ভবত একই সাথে আঘাত হানব।”
আমরা তাদের তেলের খনিতে আঘাত হানিনি, যদিও সেটাই সবচেয়ে সহজ লক্ষ্য ছিল, কারণ তাতে তাদের টিকে থাকা বা পুনর্গঠনের সামান্যতম সুযোগও থাকত না। কিন্তু আমরা আঘাত হানলে তা নিশ্চিহ্ন হয়ে যেত, এবং এ ব্যাপারে তাদের কিছুই করার থাকত না।
ট্রাম্প আরও বলেছেন, ইরানে শাসন পরিবর্তন কখনোই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল না।তিনি বলেন, “শাসন পরিবর্তন আমাদের লক্ষ্য ছিল না। আমরা কখনো শাসন পরিবর্তনের কথা বলিনি, কিন্তু তাদের সকল মূল নেতার মৃত্যুর কারণে শাসন পরিবর্তন ঘটেছে ।”ট্রাম্প যোগ করেন,”আমি আজ রাতে বলতে পারি যে, আমরা খুব শীঘ্রই, আমেরিকার সমস্ত সামরিক উদ্দেশ্য সম্পন্ন করার সঠিক পথেই রয়েছি৷” তবে তিনি এও সতর্ক করেছেন যে, অভিযান আরও কয়েক সপ্তাহ চলবে। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা তাদের উপর প্রচণ্ড আঘাত হানব, আমরা তাদের প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, যেখানে তাদের থাকা উচিত।।
