এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১২ মার্চ : হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে এক লিটারও তেল যেতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে ইরান ৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশ্বাসে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করা কয়েকটি তেলবাহী ট্যাঙ্কারকে ইতিমধ্যেই আত্মঘাতী ড্রোন ও মাইন বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে তারা । তার মধ্যে থাইল্যান্ডের একটি জাহাজও রয়েছে, যেটি ভারতের গুজরাটের বন্দরে আসার কথা ছিল । ইরানের হামলায় একজন ভারতীয়ের মৃত্যু পর্যন্ত হয়েছে । এদিকে দেশে জীবাশ্ম জ্বালানির সম্ভাব্য সঙ্কটের কথা মাথায় রেখে ইরানকে হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছিল নরেন্দ্র মোদী সরকার । অবশেষে বিদেশমন্ত্রী এস জয়শংকরের তৎপরতায় ইরানের তরফ থেকে শবুজ সঙ্কেত মিলেছে । মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেও ভারতের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ দিয়ে ভারতীয় তেল ও এলপিজি ট্যাঙ্কার চলাচলের অনুমতি দিয়েছে তেহরান ।সম্প্রতি ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই স্বস্তির খবর মিলেছে বলে জানা গেছে ।
গত সপ্তাহের শুক্রবার ইসরায়েলের বিধ্বংসী ক্ষেপনাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খোমেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হয়েছে । প্রতিদিনই ইরানের রাজধানী তেহেরানে সেদেশের সামরিক ঘাঁটিগুলিতে বিমান হামলা চালাচ্ছে মার্কিন-ইসরায়েলি যৌথ বাহিনী । পালটা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলিতে মার্কিন বিমান ঘাঁটিগুলিতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান । সেই সাথে বিশ্বের জীবাশ্ম জ্বালানি সরবরাহের লাইফ লাইন বলে পরিচিত সঙ্কীর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে তেলের ট্যাঙ্কার চলাচল বন্ধ করে দিয়েছে ইরান ।
যেকারণে বিশ্ববাজারে তেল ও গ্যাসের সঙ্কট দেখা দিয়েছে । পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে গত ৭ মার্চ রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৬০ টাকা করে দাম বাড়াতে বাধ্য হয়েছে মোদী সরকার । তবে দেশে বাণিজ্যিক এলপিজির তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বইয়ের মতো শহরগুলিতে রেস্তোরাঁ ও হোটেল শিল্প ধুঁকছে। বর্তমানে বাণিজ্যিক গ্যাসের দাম ১১৫ টাকা বেড়েছে। খোলা বাজারে গ্যাসের সিলিন্ডার ২,০০০ থেকে ২,৫০০ টাকায় বিক্রি হচ্ছে বলেও অভিযোগ উঠেছে । আর এই সুযোগ কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিরোধী দলগুলি । বিশেষ করে পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটের আবহে গ্যাসের মূল্যবৃদ্ধিকে ইস্যু করে কেন্দ্রের বিরুদ্ধে আসরে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস।
তবে বিরোধীদের ছড়ানো বিভ্রান্তিকর তথ্য রুখতে সক্রিয় মোদী সরকারও । এই বিষয়ে সতর্ক থাকার জন্য প্রধানমন্ত্রী মন্ত্রীদের পরামর্শ দিয়েছেন৷ সেই সাথে হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরানের সঙ্গে কুটনৈতিক তৎপরতা চালিয়ে গেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । তিনি ইরানের পাশাপাশি তিনি রাশিয়া ও ফ্রান্সের বিদেশমন্ত্রীদের সঙ্গেও আলোচনা চালান। আর মোদী সরকারের দক্ষ কুটনীতির কারনে আমেরিকা, ইজরায়েল ও ইউরোপের জাহাজগুলির ওপর ইরান কড়া নিষেধাজ্ঞা জারি করলেও, ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের খাতিরে ভারতীয় জাহাজের যাতায়াতকে ছাড় দিয়েছে৷ এর ফলে আগামী কয়েক দিনের মধ্যেই দেশে জ্বালানি ও গ্যাসের যোগান স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে ।।
