এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ এপ্রিল : আজ বৃহস্পতিবার ভবানীপুরের দলীয় প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন দাখিলে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার আয়োজনে হাজরা মোড় থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয় । সুসজ্জিত ট্যাবলোয় ছিলেন অমিত শাহ,শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য । সেই ট্যাবলোর আগে ও পিছনে ছিল কয়েক হাজার বিজেপি কর্মীসমর্থকদের মিছিল। ভবানীপুরে শুভেন্দুর মনোনয়ন দাখিলের এই চিত্র কার্যত বিজয় শোভাযাত্রায় পর্যবসিত হয় । পরে হাজরা মোড়ে ‘বিজয় সংকল্প সভা’ সভা হয় ।
সভায় অমিত শাহ বলেন, ‘আজ বাংলার কোণায় কোণায় একটাই আওয়াজ সরকার বদলে দিতে হবে । মমতা বন্দ্যোপাধ্যায়কে টাটা, বাই বাই করে দিতে হবে ।’ তিনি বলেন,’কলকাতা, দুর্গাপুর, উত্তরবঙ্গের সর্বত্র একটা আওয়াজ হচ্ছে এই সরকারকে বদলে দাও । মমতা ব্যানার্জিকে বাই বাই টা টা করে দাও । পশ্চিমবঙ্গের মানুষ তোলাবাজি, তৃণমূল কংগ্রেসের গুন্ডামি, মহিলাদের অসুরক্ষা, অনুপ্রবেশ করে বাংলার জনবিন্যাসের পরিবর্তন করে দেওয়ার জন্য ত্রস্ত । প্রায় দিনই বোমা বিস্ফোরণ গোলাগুলিতে মানুষ ত্রস্ত । বেকারত্বে ত্রস্ত বাংলার যুব সম্প্রদায় । আর দুর্নীতিতে যে রেকর্ড মমতা ব্যানার্জি করেছেন, তাতেও মানুষ ত্রস্ত । গোটা পশ্চিমবঙ্গের মানুষ এখন আবাস তুলছে যে এবারে পরিবর্তন করতে হবে । মোদীজির নেতৃত্বে এখানে ভারতীয় জনতা পার্টির সরকার হতে হবে । পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা সিল করে দিয়ে গোটা দেশজুড়ে ছড়িয়ে থাকা অনুপ্রবেশকারীদের বের করে তাড়াতে হবে । আর কবিগুরুর স্বপ্নের সোনার বাংলা তৈরি করতে হবে ।’
সভায় অমিত শাহ ১৭০ আসনে জেতার লক্ষ্যমাত্রা বেঁধে দেন ৷ তিনি বলেন,’এবার বাংলায় ১৭০ আসনে জিততে হবে। তবেই পরিবর্তন হবে। আমার কাছে অবশ্য শর্টকাট আছে। ভবানীপুরের ১টি আসন হারাতে পারলেই বাংলায় পরিবর্তন হবে।’ শুভেন্দুর দুই জায়গা থেকে ভোটে লড়ার প্রসঙ্গে শাহ আরও বলেন,’শুভেন্দুজি শুধু নন্দীগ্রাম থেকে দাঁড়াতে চেয়েছিলেন। আমি বললাম ভবানীপুর থেকেও আপনাকে লড়তে হবে। মমতার ঘরে গিয়ে হারাতে হবে। এবার ভবানীপুরে হারবেন মমতা। গোটা বাংলায় হারবে তৃণমূল৷’ আজ শুভেন্দু অধিকারী ছাড়াও রাসবিহারীর প্রার্থী স্বপন দাসগুপ্ত, বালিগঞ্জের প্রার্থী শতরূপা বোস এবংনচৌরঙ্গীর প্রার্থী সন্তোষ পাঠক মনোনয়ন দাখিল করেন ।।
