এইদিন ওয়েবডেস্ক,লাহোর,১৬ ফেব্রুয়ারী : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের এক চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন । এনিয়ে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে তার দলের মধ্যে ৷ যার ফলে বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী ইসলামাবাদের খাইবার পাখতুনখোয়া ভবনের সামনে বিক্ষোভ দেখায় পিটিআই-এর নেতাকর্মীরা ৷ যদিও গোটা এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশবাহিনী ।
তেহরিক-ই-ইনসাফ দলের একজন কেন্দ্রীয় সদস্য এবং সিনেটর আওন আব্বাস গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় বলেছেন, “ইমরান খানের চিকিৎসার দাবি পূরণ না হওয়া পর্যন্ত সংসদের ভেতরে তাদের বিক্ষোভ অব্যাহত থাকবে।” এই বার্তায়, আব্বাস দাবি করেছেন যে সরকার বিক্ষোভকারীদের খাবার ও জল বন্ধ করে দিয়েছে এবং কাউকে তাদের কাছে কিছু পৌঁছে দিতে দিচ্ছে না। তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর বিক্ষোভের একটি লাইভ ভিডিওতে দেখা যাচ্ছে যে তারা আজ সোমবার তৃতীয় দিনের মতো তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
খবর অনুসারে, প্রায় ২৫ জন পিটিআই আইন প্রণেতা এবং সিনেটর এই বিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু এখনও তারা কেউই পিছু হঠেনি । তেহরিক-ই- ইনসাফ দাবি করেছে যে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে, তারা কঠোর অবরোধের মধ্যে রয়েছে এবং কাউকে তাদের সাথে যোগ দিতে বা “তাদের জন্য জল এবং খাবার আনতে” দেওয়া হচ্ছে না।
এদিকে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের নেতারা সহ সংসদের ভেতরে বিক্ষোভকারীরা বলেছেন যে “খাবার ও জল ছাড়া জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে,” কিন্তু তারা এখনও তাদের দাবিতে অনড়।।

