এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৯ ফেব্রুয়ারী : সপ্তাহ খানেক আগে তৈরি হয়েছিল পিচের রাস্তা ৷ রোলার দিয়ে রাস্তার পাথর-বিটুমিনের মিশ্রণ সমান করা হয়নি ৷ যেকারণে এখনও জমাট বাঁধেনি মিশ্রণ । আর এর মধ্যেই পিচের আস্তরণের মাঝে মাঝে গজাতে শুরু করেছে ঘাস। সেই সাথে পাথর-বিটুমিনের মিশ্রণ আঙুল দিয়ে ঘষলেই উঠে যাচ্ছে ৷ যেকারণে রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগ উঠছে । ঘটনাটি মালদা জেলার গাজোল ব্লকের বৈরগাছি-২ অঞ্চলের আকালপুর এলাকার । এদিকে বিধানসভার ভোটের ঠিক আগেই নবনির্মিত ওই রাস্তা নিয়ে বেজায় অস্বস্তিতে পড়ে গেছে শাসকদল তৃণমূল কংগ্রেস ।
জানা গেছে,বৈরগাছি-২ পঞ্চায়েতের আকালপুর মোড় থেকে চাতরঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল । রাস্তাটি সংস্কারের জন্য পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে তদ্বির করেন গ্রামবাসীরা । অবশেষে রাস্তাটি সংস্কারের জন্য রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে ১ কোটি ৮৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয় । সপ্তাহ খানেক আগে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে । কিছুটা অংশের কাজও হয়ে গেছে । কিন্তু রাস্তায় বিছানো সেই পাথর-বিটুমিনের মিশ্রণ ফুঁড়ে গজাতে শুরু করেছে ঘাস ৷ আঙুল দিয়ে অল্প ঘষলেই উঠে আসছে পাথর । আজ বৃহস্পতিবার আকালপুরের বাসীন্দারা নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হন। তারা রাস্তার কাজ বন্ধ করে সঠিক কাজের দাবী জানান৷
যদিও গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মনে করছেন যে গ্রামবাসী নয়, বরঞ্চ বিজেপি রাস্তার কাজে অনিয়মের অভিযোগ তুলছে । তার দাবি,রাস্তার কাজ ঠিকঠাকই হচ্ছে । তারপরেও যদি কাজ নিয়ে কোনো অভিযোগ থেকে থাকে তাহলে ব্লক প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবে।।

