এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,২২ ফেব্রুয়ারী : আসামের প্রাক্তন কংগ্রেস প্রধান ভূপেন কুমার বোরা আজ রবিবার ক্ষমতাসীন বিজেপিতে যোগদান করেছেন, যা রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । গুয়াহাটিতে আসাম বিজেপির সদর দপ্তর, বাজপেয়ী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আসাম বিজেপির রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়ার উপস্থিতিতে বোরা দলে যোগ দেন। প্রাক্তন কংগ্রেস কর্মী সঞ্জু বোরাও এই অনুষ্ঠানে বিজেপিতে যোগ দেন।
গত ১৬ ফেব্রুয়ারি বোরা পদত্যাগ করেন, কিন্তু কংগ্রেস হাইকমান্ড পদত্যাগপত্র গ্রহণ করেনি। সিনিয়র নেতারা বোরার বাসভবনে ছুটে যান। এমনকি বিষয়টি নিয়ে রাহুল গান্ধীও বক্তব্য রাখেন ।
এর পর, বোরা, যিনি তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সময় চেয়েছিলেন, পরের দিনই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাসভবনে যান এবং ঘোষণা করেন যে তিনি ২২ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দেবেন।
১২৬ সদস্যের আসাম বিধানসভা নির্বাচন মার্চ-এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷ এমতবস্থায় এক শীর্ষস্তরের নেতার বিজেপিতে যোগদান কংগ্রেসের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে । এই সময়ে, বোরার বিরুদ্ধে কয়লা বাণিজ্য কেলেঙ্কারির অভিযোগও সামনে আসছে। ২০২৫ সালের এপ্রিল মাসে একটি অডিও ক্লিপ প্রচারিত হয়েছিল। এতে প্রকাশ পায় যে বোরার ঘনিষ্ঠ বলে পরিচিত এক ব্যক্তি একজন কয়লা ব্যবসায়ীর কাছ থেকে টাকা দাবি করেছিলেন। যদিও ভূপেন বোরা এই অভিযোগগুলি সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং তিনি নিজেই হাতিগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।।

