এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,২৭ মার্চ : বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের হাব্বা কাদাল এলাকায় শতাব্দী প্রাচীন রঘুনাথ মন্দিরে ৩৬ বছরের মধ্যে এই প্রথমবার হিন্দু ও মুসলমানরা একসাথে রাম নবমী উদযাপন করেছে । সংস্কার কাজ এখনও চলমান থাকা সত্ত্বেও মন্দিরের পরিচালনা কমিটি এবারে রাম নবমী পূজার আয়োজন করে ।প্রশাসনিক কমিটির সাধারণ সম্পাদক সুনীল কুমার বলেন,“৩৬ বছরের মধ্যে এই প্রথম মন্দিরে রাম নবমী পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মধ্যে কেউ কেউ জম্মু থেকে এসেছেন, কিন্তু দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই অনুদান দিয়ে এই সংস্কার কাজে সহায়তা করেছেন৷” তিনি বলেছেন যে, সংস্কার কাজ এখনও চলমান থাকায় মন্দিরে প্রতিমা স্থাপনের কাজ করা সম্ভব হয়নি।
উপত্যকায় কাশ্মীরি পণ্ডিত অভিবাসীদের প্রত্যাবর্তন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সুনীল কুমার বলেন, কাশ্মীরি মুসলিম সম্প্রদায়ের সমর্থন ছাড়া এই প্রত্যাবর্তন সম্ভব নয়। তিনি বলেন, “আমাদের পুনর্বাসনের জন্য সরকারের এক বছরও লাগবে না, কিন্তু আমাদের প্রত্যাবর্তনে কাশ্মীরি মুসলমানদের সমর্থন প্রয়োজন।” পূজায় স্থানীয় মুসলিম গোলাম হাসানও উপস্থিত ছিলেন। তিনি বলেন, “কাশ্মীরি পণ্ডিত ও মুসলিমরা ভাই ভাই, আমরা কয়েক দশক ধরে একসঙ্গে বসবাস করে আসছি।”
রাম নবমী উপলক্ষে শংকরাচার্য মন্দিরসহ শহরের বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছিল। পর্যটক ও নিরাপত্তা বাহিনীও হিন্দুদের সঙ্গে প্রার্থনায় যোগ দেন।।
