প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৫ ফেব্রুয়ারী : স্টেশনে দাঁড়িয়ে থাকা ৫৩৪৩৫ আপ আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরায় হঠাৎতই জ্বলে উঠলো আগুন । আজ রবিবার ভোর প্রায় সাড়ে চারটে নাগাদ এই ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে । তা নিয়ে স্টেশনে থাকা যাত্রীদের মধ্যে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি,দাঁড়িয়ে থাকা ৫৩৪৩৫ আপ আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরা থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখেন যাত্রীরা। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে এবং প্ল্যাটফর্ম জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি ও আরপিএফ। সঙ্গে সঙ্গে দমকল বিভাগকে খবর দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। দমকল কর্মীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে একটি কামরা প্রায় সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে বলে জানা গেছে। এই ঘটনার জেরে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে রেল পরিষেবা পুনরায় চালু করা হয়।
উল্লেখ্য, ৫৩৪৩৫ আপ আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনটির সকাল ৬ টায় কাটোয়া স্টেশন থেকে ছাড়ার কথা ছিল। তার প্রায় দেড় ঘণ্টা আগেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে দমকলের অনুমান। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখতে রেলের তরফে তদন্ত শুরু হয়েছে। হাওড়া রেলওয়ে ডিভিশনের ডিআরএমের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ঘটনাস্থলে আসছে বলে রেল সূত্রে খবর।এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে ভোরের ব্যস্ত সময়ে এমন ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। আগুনে ক্ষতিগ্রস্ত কামরাটিকে ডেঞ্জার টেপ দিয়ে ঘিরে দিয়েছে রেল কর্তৃপক্ষ। স্টেশন কর্তৃপক্ষ এ বিষয়ে মুখ খুলতে চাননি। রেলের তরফে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে।
এই পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাজি বলেন,’ট্রেনটি প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল।সুতরাং কি ভাবে আগুন লাগলো তা যথেষ্ট গুরুত্বপূর্ণ । আমরা খতিয়ে দেখছি।’।
