এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ ফেব্রুয়ারী : রাজ্যে শনিবার, ২৮ ফেব্রুয়ারী বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শেষ । সুপ্রিম কোর্টের নির্দেশে আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন যে ১.২০ নাম বাদ দেওয়ার কথিত ষড়যন্ত্র চলছে । এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, মুখ্যমন্ত্রীর একথা বলার উদ্দেশ্য হল রাজ্যে অশান্তির আগুন জ্বালানো । হয়ত অশান্তির বিষয়টি অনুমান করেই আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে নির্বাচন কমিশন । শুক্রবার থেকেই রাজ্যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছতে শুরু করেছে । প্রশাসনিক সূত্রে খবর, তার মধ্যে কলকাতায় ১২ কোম্পানি,পূর্ব মেদিনীপুর ১৪ কোম্পানি,দক্ষিণ দিনাজপুর ১২ কোম্পানি,বীরভূমে ৭ কোম্পানি, পুরুলিয়ায় ৫ কোম্পানি এবং সুন্দরবন অঞ্চল ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে । এছাড়া,নদীয়া,মুর্শিদাবাদ,মালদা প্রভৃতি জেলাগুলির উপর থাকবে বাড়তি সতর্কতা৷
এছাড়াও,চুড়ান্ত ভোটার তালিকায় বিশেষ একটি পদ্ধতি অবলম্বন করেছে রাজ্য নির্বাচন কমিশন ।২০১৪ সালের লোকসভা নির্বাচনে ভোটার তালিকায় ৭ কোটি ৬৬ লক্ষ ভোটার থাকলেও আজ প্রকাশিত হতে চলেছে ৭ কোটি ৮ লক্ষ ভোটারের তালিকা । কারন ইতিমধ্যেই ৫৮ লক্ষের নাম বাদ গেছে । তবে এই ৭ কোটি ৮ লক্ষ ভোটারে মধ্যে সকলেরই ভোটাধিকার থাকছে না৷ যাদের ভোটাধিকার আপাতত থাকছে না, সেই সমস্ত ভোটারদের ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে বলে নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে খবর । মনে করা হচ্ছে যে অশান্তি এড়াতেই বাতিল ভোটারের মোট সংখ্যা উল্লেখ না করেই সুকৌশলে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ।
আজ শনিবার দুপুর ২টোর মধ্যেই অনলাইনের পাশাপাশি অফলাইনেও এই তালিকা দেখে নেওয়ার সুযোগ মিলবে। কমিশন সূত্রে খবর,এবারের তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করা হয়েছে। যাঁদের নাম এখনও ‘অ্যাডজুডিকেশন’ বা বিচারপ্রক্রিয়ার অধীনে রয়েছে, তাঁদের নামের পাশে বিশেষ চিহ্ন থাকবে। যাঁদের নাম কোনো কারণে বাদ পড়েছে, তাঁদের নামের ওপর স্পষ্টভাবে ‘Deleted’ লেখা থাকবে।
এই সমস্ত ক্যাটেগরিতে ভাগ করা হবে :
যাঁদের নাম থাকবে তাঁদের নামের পাশে ‘অ্যাপ্রুভড‘ লেখা থাকবে । যাঁদের নাম বাদ যাবে তাঁদের নামের পাশে ‘ডিলিটেড‘ লেখা থাকবে । যাঁদের তথ্য যাচাইয়ের কাজ চলছে তাঁদের নামের পাশে লেখা থাকবে ‘অ্যাজুডিকেশন‘৷
এবার অনেকের মনেই প্রশ্ন, যাঁদের নাম এসআইআরের খসড়া তালিকায় ছিল না, যাঁদের এখনও তথ্য যাচাইয়ের কাজ চলছে, তাঁরা কি ভোট দিতে পারবেন? নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআরের চূড়ান্ত তালিকায় তাঁদের নামের পাশে ‘নিস্পত্তি হয়নি’ বলে উল্লেখ করা থাকবে। এছাড়াও যেদিন ভোট ঘোষণা হবে, যত দফায় ভোট হবে এবং দফা অনুযায়ী মনোনয়ন জমার শেষ দিন অবধি একটি করে সাপ্লিমেন্ট ভোটার তালিকা আসতে থাকবে। সেক্ষেত্রে এই তালিকাকেই চূড়ান্ত বলে গণ্য করা হবে, জানিয়েছে নির্বাচন কমিশন।
কোথায় দেখবেন এসআইআরের চূড়ান্ত তালিকা?
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, শনিবার দুপুর ২টোর মধ্যে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (eci.gov.in) এবং ভোটার সার্ভিস পোর্টালে তালিকাটি আপলোড করা হবে। ভোটাররা তাঁদের এপিক নম্বর (EPIC Number) ব্যবহার করে অনলাইনেই নাম যাচাই করতে পারবেন। এছাড়া অফলাইনে জেলা নির্বাচন আধিকারিক (DEO), মহকুমা শাসক (SDO) এবং বিডিও (BDO) অফিসে গিয়েও হার্ড কপি দেখার সুবিধা থাকছে।
নাম না থাকলে কি করণীয় ?
চূড়ান্ত তালিকায় যদি আপনার নাম না থাকে, তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। কমিশনের পক্ষ থেকে সংশোধনের সুযোগ রাখা হয়েছে। তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে জেলা নির্বাচন আধিকারিক-এর কাছে আবেদন জানানো যাবে। সেখানে কাজ না হলে মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তরে যোগাযোগ করতে হবে।
নতুন নাম নথিভুক্তকরণ: যদি আবেদন বাতিল হয় বা নাম একেবারেই না থাকে, তবে ‘ফর্ম-৬’ (Form 6) ডাউনলোড করে নতুন ভোটার হিসেবে আবেদন করা যাবে।
সময়সীমা: মনে রাখতে হবে, ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের অন্তত ১০ দিন আগে এই ফর্ম জমা দিতে হবে।
রাজনৈতিক দলগুলিকেও এই তালিকার ডিজিটাল ও হার্ড কপি প্রদান করা হচ্ছে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার স্বার্থে প্রত্যেক নাগরিককে অতি দ্রুত নিজের নাম যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছে নির্বাচন কমিশন।।

