এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৯ এপ্রিল : বাংলাদেশের চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের চিকিৎসা নিতে আসা আলিফা নামে ৫ বছরের এক শিশুকন্যাকে দেওয়া হলো অন্য রোগীর জন্য আনা জলাতঙ্কের টিকা। জানা যায়, বুধবার দুপুরে কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেনের মেয়ে আলিফাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। সে জ্বরে ভুগছিল। এই সময় হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ অন্য রোগীর জন্য আনা জলাতঙ্কের টিকা (ভ্যাকসিন) দিয়ে দেয় আলিফার শরীরে।
এ বিষয়ে শিশুটির মা নাহিদা ইসলাম জানান, আমরা কিছু না বলতেই ডাক্তার আবু ইউসুফ কুকুরের ভ্যাকসিন আমার মেয়েকে দিয়ে দেয়। তার শরীরে প্রচণ্ড জ্বর রয়েছে। ভুল চিকিৎসা দেওয়ার কারণে আমার বাচ্চার ক্ষতি হতে পারে। অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।
এই বিষয়ে অভিযুক্ত চিকিৎসক আবু ইউসুফ জানান, এই টিকায় কোনো ক্ষতি হবে না। আমি ভুল করে দিয়েছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান জানান,বিষয়টি শুনেছি । আমরা বাচ্চাটাকে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখার কথা বলেছি। অভিযুক্ত চিকিৎসককে এই বিষয়ে শোকজ করা হবে।।
