এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৯ মার্চ : “দিদিকে বলো” হল পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ যার মাধ্যমে পশ্চিমবঙ্গের জনগণ সরাসরি তাদের অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানাতে পারেন। ঘোষিত কিছু ফোন কল করলেই নাকি যাবতীয় অভাব অভিযোগের সুরাহা হয়ে যাবে৷ সেই আশায় “দিদিকে বলো” ফোন নম্বরে ফোন করে সরকারি আবাস যোজনার অনুদানের জন্য আবেদন করেছিলেন পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বলগোনা পঞ্চায়েতের বেশ কিছু মানুষ । সেই আবেদনের ভিত্তিতে ব্লক প্রশাসন থেকে পরিদর্শনও করা হয়েছিল । কিন্তু অনুদান প্রাপকদের তালিকা প্রকাশের দেখা যায় যে অধিকাংশ পাকাবাড়ির মালিকদের নাম মঞ্জুর করা হলেও মাটির ঘরে অতিকষ্টে বসবাস করা মানুষদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ । সেই সমস্ত বঞ্চিতদের দল আজ সোমবার বলগোনা গ্রামপঞ্চায়েত অফিসে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখান । তারা শাসকদল ও প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম ও বঞ্চনার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন । বিধানসভার ভোটের ঠিক মুখেই এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়ে গেছে শাসকদল ।
জানা গিয়েছে বলগোনা গ্রামপঞ্চায়েত এলাকা থেকে ‘দিদিকে বলো’তে ঘরের জন্য সরাসরি যাঁরা ফোন করে আবেদন জানিয়েছিলেন বলগোনা গ্রামপঞ্চায়েতের অন্তর্গত ভাঁটাকুল ও শিকোত্তর গ্রামের অন্তত ২২০০ জন গ্রামবাসী । আবেদনকারীর বাড়িতে গিয়ে সার্ভে করে প্রশাসন। এসআইআর প্রক্রিয়া চলাকালীন ওই সার্ভে প্রক্রিয়া সম্পন্ন হয়। ইতিমধ্যে অনুদানের জন্য ‘যোগ্যদের’ চুড়ান্ত তালিকায় দেখা যায় তাঁদের মধ্যে প্রায় ৫০০ জনের অনুদান মঞ্জুর হয়েছে। বাকিদের নাম তালিকায় নেই। বিক্ষোভকারীদের অভিযোগ যাদের নামে অনুদান এসেছে তাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা পাকাবাড়ির মালিক এবং একাধিকবার তাদের পরিবার অনুদান পেয়েছেন ৷ অথচ যারা মাটির বাড়িতে অতিকষ্টে বসবাস করে তাদের বঞ্চিত করা হয়েছে ।
তারই প্রতিবাদে আজ দুপুরে ভাটাকুল গ্রামের বাসিন্দা পারুল খাতুন, শেখ কিরণ, শিকোত্তর গ্রামের বাসিন্দা আব্দুল আলিম শেখ, সাহ জামাল খান প্রভৃতি মিলে শতাধিক স্ত্রী-পুরুষ বলগোনা গ্রামপঞ্চায়েত অফিসে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখান । তাদের অভিযোগ, ‘আবাস যোজনার অনুদানে ব্যপক অনিয়ম হচ্ছে৷’ স্বচ্ছতার সঙ্গে সার্ভে ও যোগ্যদের অনুদান দেওয়ার জন্য দাবি জানান তারা৷
যদিও এই অভিযোগ প্রসঙ্গে ভাতার ব্লক প্রশাসনের তরফে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে বলগোনা গ্রামপঞ্চায়েতের উপপ্রধান জালালউদ্দিন মল্লিক জানান যে বিষয়টি নিয়ে তারা ব্লক প্রশাসন ও বিডিওর সঙ্গে কথা বলবেন ।।
