এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ ডিসেম্বর : তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের “বাবরি মসজিদ” উদ্বোধনের পরের দিন,আজ রবিবার সকাল ৯টা থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ’-এর অনুষ্ঠান শুরু হতে চলেছে । এই উপলক্ষে এই প্রথম এরাজ্যে পা রাখলেন বাগেশ্বর ধামের মঠাধ্যক্ষ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী । ইতিমধ্যেই তিনি কলকাতায় পৌঁছে গেছেন । অনুষ্ঠানের আয়োজক “সনাতন সংস্কৃতি সংসদ”-এর পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয় । ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ছাড়াও অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন স্বাধ্বী ঋতম্ভরা, বাবা রামদেব,স্বামী ধীরেন্দ্র নাথ, গোরক্ষপুরের সাধুসন্তরা।
এই বিশাল আধ্যাত্মিক অনুষ্ঠানের জন্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তিনটি পৃথক মঞ্চ তৈরি করা হয়েছে । প্রধান মঞ্চে দেশের প্রথম সারির আধ্যাত্মিক গুরুরা থাকবেন । দ্বিতীয় মঞ্চে পশ্চিমবঙ্গের সাধুসন্তরা থাকবেন । তৃতীয় ছোট মঞ্চ করা হয়েছে মুখ্য মঞ্চের ঠিক সামনে, যেখানে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে । গতকাল সন্ধ্যায় অনুষ্ঠানস্থল পরিদর্শনে যান রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার । আশা করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশ, আসাম, ত্রিপুর,দিল্লি, বিহার এবং উড়িষ্যা সহ একাধিক রাজ্যের মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবে । মূল অনুষ্ঠানের আগে একটি শোভাযাত্রা বের হবে । সাধুসন্তরা সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন এবং পায়ে হেঁটে মঞ্চে আসবেন।
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও৷ বিজেপির তরুনজ্যোতি তিওয়ারি বলেছেন,’পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে মমতাও আমন্ত্রিত। না গেলে প্রমাণ হবে তিনি ৩৭ শতাংশের মুখ্যমন্ত্রী ।’।

