এইদিন ওয়েবডেস্ক,মহারাষ্ট্র,১৮ মার্চ : বহু চর্চিত হিন্দি চলচ্চিত্র ‘দ্য কেরালা স্টোরি ২’ প্রদর্শনের পর মুসলিমদের বয়কট করার শপথ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ১০ই মার্চ মহারাষ্ট্রের পালঘর জেলার একটি প্রেক্ষাগৃহ থেকে এই ফুটেজটি প্রকাশ করা হয়েছে। যাতে মানুষজনকে মুসলিমদের অর্থনৈতিক ও সামাজিকভাবে বয়কট করার শপথ নিতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে বলা হয়েছে যে, তারা তাদের কাছ থেকে কোনো পণ্য কিনবেন না বা তাদের কাজে নেবেন না। ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে দিতে এই শপথ নেওয়া হয়।
ভিডিওটি ঘিরে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছে কথিত সেকুলার দলগুলি।। কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সৈয়দ নাজির হুসেন অভিযোগ করেছেন যে, বিনামূল্যে প্রদর্শিত চলচ্চিত্রটির পর এই শপথ নেওয়া হয়েছে। সৈয়দ নাজির হুসেন লিখেছেন যে, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করতে রাজনৈতিক অস্ত্র হিসেবে সিনেমাকে ব্যবহার করা অসাংবিধানিক। পুলিশ কমিশনারেট ভিডিওটির সত্যতা এবং সঠিক অবস্থান তদন্ত করছে।
মূলত কেরালায় লাভ জিহাদের বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত সিপিএম শাসিত ওই রাজ্যে চলচ্চিত্রটির বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ হয়েছিল । সিপিএমের শাখা সংগঠন ডিওয়াইএফআই সহ বিভিন্ন সংগঠন রাজ্যে প্রতিবাদ জানিয়েছিল, তাদের অভিযোগ ছিল যে চলচ্চিত্রটি কেরালার ধর্মীয় সম্প্রীতিকে খারাপভাবে চিত্রিত করেছে। কামাখ্যা নারায়ণ সিং পরিচালিত ‘কেরালা স্টোরি-২’-তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন উল্কা গুপ্তা, অদিতি ভাটিয়া এবং ঐশ্বর্য ওঝা। চলচ্চিত্রটিতে কেরালা সহ তিনটি রাজ্যের হিন্দি মেয়েদের লাভ জিহাদে ফেঁসে করুন পরিনতির মুখে পড়ার গল্প বলা হয়েছে।।

