এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান),০৩ এপ্রিল : হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ব্লকের গুসকরার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব চঞ্চল গড়াই । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর । গুসকরা শহরের বাসিন্দা চঞ্চলবাবু বৃহস্পতিবার গভীর রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু শেষ রক্ষা হয়নি । আজ শুক্রবার এই বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তির শেষকৃত্যে সমস্ত রাজনৈতিক দলগুলিকে অংশগ্রহণ করতে দেখা যায়৷
কলেজ জীবনে কংগ্রেসের ছাত্রনেতা ছিলেন চঞ্চল গড়াই । তবে মমতা ব্যানার্জির প্রায় সাথেই কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন । মূলত তারই একক কৃতিত্বে ২০০৮ সালে সিপিএমের শক্ত ঘাঁটি বলে পরিচিত গুসকরা পুরসভা দখল করে তৃণমূল কংগ্রেস৷ পুরসভার চেয়ারম্যান হন তিনি । তবে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর ক্রমশ কোনঠাসা করে দেওয়া হয় চঞ্চল গড়াইকে । দলের গোষ্ঠী কোন্দল এতটাই চরম পর্যায়ে ছিল যে ২০১৭ সালে আউশগ্রাম উচ্চ বিদ্যালয়ের জায়গা দখলকে কেন্দ্র করে আউশগ্রাম থানা ভাঙচুরের ঘটনায় তাকে মিথ্যা মামলায় জেলেও যেতে হয় । তারপর থেকে তিনি রাজনীতি থেকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলেন । তবে তাতপরেও কেউ সমস্যায় কোনো সমস্যায় পড়ে তার কাছে ছুটে এলে তিনি কাউকে নিরাশ করেননি৷ এই কারনে শুধু রাজনৈতিক মহলেই নয়, সাধারণ মানুষের মধ্যেও তার গ্রহণ যোগ্যতা ছিল । তারই প্রতিফলন দেখা গেল আজ চঞ্চল গড়াইয়ের শেষকৃত্যের মুহুর্তে ।
আজ তার মৃতদেহ নিয়ে গুসকরায় শোকমিছিল বের হয় । অংশগ্রহণ করে তৃণমূল, বিজেপি,কংগ্রেস ও সিপিএমের লোকজন ছাড়াও অগনিত মানুষ । গুসকরা বালিকা বিদ্যালয়, পিপি ইন্সটিটিউশন, পুরসভা কার্যালয় এবং কুনুরিকা সমবায় সমিতির অফিসে তার দেহ নিয়ে গিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় । শহর পরিক্রমা করে শোকযাত্রা পৌঁছয় রটন্তীকালীতলার শ্মশানে, সেখানেই সম্পন্ন হয় শেষকৃত্য।।

