এইদিন ওয়েবডেস্ক,তিরুবনন্তপুরম,২৬ মার্চ : প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনকে (ইসিআই) কথিতভাবে “বিভ্রান্তিকর ও মানহানিকর” ভঙ্গিতে চিত্রিত করে একটি এআই-নির্মিত ভিডিও প্রচারের অভিযোগে কেরালা পুলিশের সাইবার শাখা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ এবং তার একটি হ্যান্ডেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই ।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) সহ বিভিন্ন দাপ্তরিক চ্যানেলের মাধ্যমে কথিত মানহানিকর বিষয়বস্তুটি তাদের নজরে আনা হয়েছিল।সাইবার উইং বলছে, বিষয়বস্তুটি বিভ্রান্তিকর ছিল, যা সাংবিধানিক সংস্থাগুলোর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করতে পারে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে প্রভাবিত করতে পারে।
ইকোনমিকস টামস জানিয়েছে, এতে বলা হয়েছে যে, বুধবার গভীর রাতে তিরুবনন্তপুরম শহরের সাইবার ক্রাইম থানায় এক্স (টুইটার) অ্যাকাউন্টধারী লক্ষ্মী এন রাজু (@valiant_Raju) এবং এক্স কর্প-সহ অন্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং দোষ নির্ণয় ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত শুরু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২ (শান্তিভঙ্গের উসকানি দেওয়ার উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান), ৩৩৬ (জালিয়াতি), ৩৫৩ (জনসাধারণের মধ্যে অশান্তি সৃষ্টিকারী বিবৃতি), ৩(৫) (সাধারণ উদ্দেশ্য) এবং ১৭৪ (নির্বাচনে অযাচিত প্রভাব বা ছদ্মবেশ ধারণের শাস্তি) ধারায় এবং তথ্য প্রযুক্তি আইনের ৬৬সি (পরিচয় চুরি) ধারায় এফআইআর দায়ের করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে,এফআইআর অনুসারে সমাজে দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে ১ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছিল এবং কর্তৃপক্ষ কর্তৃক কন্টেন্টটি মুছে ফেলার নির্দেশ থাকা সত্ত্বেও এক্স এটি প্রচারের অনুমতি দেয়।পুলিশ জানিয়েছে যে, বেআইনি কন্টেন্টটি দ্রুত অপসারণের জন্য তথ্য প্রযুক্তি আইন ও বিধিমালার প্রাসঙ্গিক বিধানের অধীনে মধ্যস্থতাকারী প্ল্যাটফর্মটিকে প্রয়োজনীয় আইনি নোটিশ জারি করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে যে, আদর্শ আচরণবিধি এবং প্রযোজ্য আইনি বিধান অনুসারে, কেরালা পুলিশের সাইবার অপারেশন উইং ভিডিওটির আরও প্রচার রোধ করতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ বলেছে, “জনসাধারণকে যথাযথ সতর্কতা অবলম্বন করার এবং বিশেষ করে নির্বাচনের সময় যাচাইবিহীন বা বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি, শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।” এতে আরও বলা হয়েছে যে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে ব্যাহত করে বা প্রভাবিত করার চেষ্টা করে এমন যেকোনো কার্যকলাপের বিরুদ্ধে দ্রুত, আইনসম্মত এবং নিরপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।।
