এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,২৮ মে : বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি-এর প্রত্যক্ষ মদতে দেদার বাংলাদেশিকে ভারতে ঢোকানোর চেষ্টা চলছে । যদিও প্রতিবারই বিজিবি-এর সেই ষড়যন্ত্র বানচাল করে দিচ্ছে বিএসএফ । ফের পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলা এবং আসাম মিলে পাঁচটি সীমান্ত পয়েন্ট দিয়ে অন্তত ৩৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে ভারতীয় ভূখণ্ডে ঢোকানোর চেষ্টা করেছিল বিজিবি । কিন্তু বিএসএফ এর তৎপরতায় সেই প্রচেষ্টা ভেস্তে যায় । যদিও তাদের ফেরত নেয়নি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি । ফলে ওই ৩৮ জন বাংলাদেশির ঠাঁই হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তের নো ম্যানস ল্যান্ডে।
জানা গেছে,মঙ্গলবার রাতে কোচবিহারের সিতাই সীমান্ত দিয়ে ১৩ জন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। সেই সময় ৭৮ ব্যাটেলিয়ানের সিতাই পদ্মা বিএসএফ ক্যাম্পের বিএসএফ জাওয়ানরা তাদের ভারতীয় সীমান্তে ঢুকতে বাধা দেয়। বাধা পেতেই তারা ফের বাংলাদেশের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে । কিন্তু, তাদের ঢুকতে দেয়নি বিজিবি । একই ঘটনার পুনরাবৃত্তি হয় কোচবিহার ও জলপাইগুড়ি মিলে আরও অন্তত ৪টি সীমান্ত পয়েন্টে ।
এর আগের দিন জলপাইগুড়িতে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে একজন বাংলাদেশি প্রতিবন্ধী ব্যক্তিকে অনুপ্রবেশ করানোর চেষ্টা হয়েছিল । বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তাকে জোর করে ভারতের ভুখন্ডে ঢোকানোর চেষ্টা করেছিল । কিন্তু বিএসএফ-এর বাধায় তা সম্ভব হয়নি । তাকে ফেরতও নেয়নি বিজিবি । ফলে ওই প্রতিবন্ধী বাংলাদেশি অনুপ্রবেশকারী ম্যানস ল্যান্ডে পড়ে থাকে ।
এদিকে যাতে বাংলাদেশিরা যাতে কোনওভাবেই অনুপ্রবেশ করতে না পারে তার জন্য এলাকায় কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে বিএসএফ। অপরদিকে বিজিবিও তাদের সীমান্তে প্রহরা দিচ্ছে । বিজিবির এই প্রকার নোংরামির কারনে চাপা উত্তেজনা রয়েছে সীমান্ত এলাকায় । কারন স্থানীয় বাংলাদেশিরাও তাদের সীমান্তরক্ষী বাহিনীর সাথে যোগ দিয়েছে । ফলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে ।।

