এইদিন স্পোর্টস নিউজ,০৬ ফেব্রুয়ারী : মাত্র ৮০ বলে ১৭৫ রান । ইনিংসে ১৫ টি চার ও ১৫ টি ছক্কা৷ স্ট্রাইক রেট ২১৮.৭৫ ৷ বৈভব সূর্যবংশীর ঝড়ে উড়ে গেছে ইংল্যান্ড ৷ মাত্র ১৪ বছরের এক কিশোরের এই প্রকার বিধ্বংসী ব্যাটিং দেখে ঘোর কাটছে না প্রাক্তন ক্রিকেটরদের৷ ইংল্যান্ড টেস্ট দলের প্রাক্তন সহ- অধিনায়ক বেন স্টোকসের কথায় বৈভবের আজকের ইনিংস ছিল “এত ঝড়ো ইনিংস মানবিক নয়, অতিপ্রাকৃত”৷ অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী বিশিষ্ট ইংরেজ ডানহাতি ব্যাটসম্যান কেভিন পিটার পিটারসন বৈভবের ইনিংস দেখে মন্তব্য করেছেন, ‘মনে হচ্ছিল যেন একটা ভিডিও গেম চলছে’ ।
মাত্র ১৪ বছর বয়সে বৈভব সূর্যবংশীর ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস দেখে চোখ কপালে উঠে গেছে বিশ্বের তাবড় ক্রিকেট কিংবদন্তির । বেন স্টোকসের প্রতিক্রিয়া,’মাত্র ৮০ বলে ১৭৫ রান, আর তাও ১৪ বছর বয়সে, বিশ্বকাপ ফাইনালের মতো সবচেয়ে বড় মঞ্চে—এত ঝড় মানবিক নয়, অতিপ্রাকৃত! এটি কেবল একটি ইনিংস নয়, এটি একটি ঘোষণা যে ভারতের ভবিষ্যৎ এসে গেছে। বৈভব সূর্যবংশী, এমন একটি নাম যা আগামী ২০ বছর ধরে বিশ্বকে শাসন করবে।’
বৈভব সূর্যবংশী সম্পর্কে কেভিন পিটারসনের বক্তব্য, ‘আমি যখন বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখছিলাম, তখন মনে হচ্ছিল যেন একটা ভিডিও গেম চলছে। আমি ইতিমধ্যেই ভবিষ্যদ্বাণী করছি যে সে ভারতের সেরা খেলোয়াড় হয়ে উঠবে। এই ছেলেটি এমন রেকর্ড তৈরি করবে যা ভবিষ্যতে ভাঙা কঠিন হবে। বৈভব সূর্যবংশীর ১৭৫ রানের ঝড়ো ইনিংস ইংল্যান্ডকে ম্যাচ থেকে সম্পূর্ণরূপে বের করে দিয়েছে।’
আজ শুক্রবার হারারে স্পোর্টস ক্লাবের মাঠে অনুর্ধ ১৯ বিশ্বকাপের ফাইনালে বৈভব সূর্যবংশীর এই ইনিংসের জন্য সঙ্গত কারনেই তাকে “প্লেয়ার অফ দ্য ম্যাচ” নির্বাচিত করা হয়েছে । এছাড়া, টুর্নামেন্টে ধারাবাহিক ভালো পারফর্ম করার জন্য “প্লেয়ার অফ দ্য সিরিজ” নির্বাচিত করা হয়েছে বৈভব সূর্যবংশীকে।।

