এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ দিনাজপুর,০৯ ফেব্রুয়ারী : দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে কাঁটাতারহীন সীমান্তের সুযোগ নিয়ে ফের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে জানা গেছে । শুক্রবার গভীর রাতে কুমারগঞ্জ ব্লকের সমজিয়া বালুপাড়া এলাকা দিয়ে ৬-৭ জনের বাংলাদেশি অনুপ্রবেশকারীর দল ভারতে প্রবেশ করেছে । সিসিটিভি ফুটেজে অনুপ্রবেশের দৃশ্য ধরা পড়েছে বলে জানিয়েছে বিএসএফ ।
জানা যায়,শনিবার দিনভর কুমারগঞ্জ থানার পুলিশ ও বিএসএফ যৌথভাবে তল্লাশি অভিযান চালায় । সেই সময় তারা জানতে পারে যে অনুপ্রবেশকারীরা বালুপাড়া গ্রামের একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল। তবে দীর্ঘ তল্লাশির পরও কাউকে ধরা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই দলে মহিলা ও শিশুও ছিল। কুমারগঞ্জ থানার আইসি জানিয়েছেন, তল্লাশি অভিযান এখনও চলছে।
জানা গেছে,এরপর বিকেলের দিকে সমজিয়া বিওপিতে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের নিয়ে জরুরি বৈঠক করে বিএসএফ ও পুলিশ । সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হয় । এই অনুপ্রবেশের ঘটনার পর ফের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি । বিজেপির অভিযোগ, বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশের সুবিধা করে দিতেই কুমারগঞ্জ এলাকার প্রায় ৭ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ কে জমি দিচ্ছে না শাসকদল । এদিকে এই কারনে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা করা পুলিশ ও বিএসএফ-এর কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ।।

