এইদিন ওয়েবডেস্ক,বালুরঘাট,১২ ফেব্রুয়ারী : প্রকাশ্য দিবালোকে বালুরঘাট জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের সিকিউরিটি এজেন্সির ফেসিলিটি ম্যানেজারকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গেছে এলাকায় । যদিও পুলিশের তৎপরতায় অপহরণের প্রায় ২ ঘন্টার মধ্যেই ফেসিলিটি ম্যানেজার ধ্রুব রঞ্জন চৌধুরীকে তপন থানার দালালহাট গ্রামের পাশের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয় । এই ঘটনার মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম মকলেশ মিঁয়া । তার বাড়ি কুমারগঞ্জ এলাকায় । অপহরণের কারন জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷
জানা গেছে,আজ বৃহস্পতিবার সকাল প্রায় ১১ টা নাগাদ হাসপাতালের সামনে একটি চায়ের দোকানে চা পান করতে গিয়েছিলেন ধ্রুব রঞ্জন চৌধুরী । সেই সময় একটা সাদা চারচাকা গাড়িতে করে চার দুষ্কৃতী সেখানে আসে । দুষ্কৃতীরা ধ্রুব রঞ্জনবাবুকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় । ঘটনার খবর পেয়েই বালুরঘাট থানার পুলিশ অভিযানে নামে । বিভিন্ন এলাকায় শুরু হয় না নাকা চেকিং। শেষ পর্যন্ত ঘন্টা দুয়েকের মধ্যেই তপনের দালালহাট গ্রামের পাশের একটি জঙ্গল থেকে রঞ্জন চৌধুরীকে উদ্ধার করা হয়। পুলিশ মূল অভিযুক্ত মকলেশ মিঁয়াকে গ্রেপ্তারের পাশাপাশি অপহরণে ব্যবহৃত গাড়িটি আটক করেছে । আরও দু’জনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে । ধ্রুব রঞ্জনবাবুকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় ।।

