এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,১৩ এপ্রিল : বিধানসভার ভোটের ঠিক কয়েক দিন আগেই রবিবার রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার । শীতলকুচির বিজেপির প্রার্থী সাবিত্রী বর্মনের কনভয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ যে মাথাভাঙ্গা থানার সামনেই এই হামলার ঘটনা ঘটেছে । অন্যদিকে মাথাভাঙ্গা শহরে শাসক তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ।
জানা গেছে,রবিবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ শীতলকুচি কেন্দ্রের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন যখন প্রচার সেরে ফিরছিলেন সেই সময় তার কনভয়ে হামলা হয় । অভিযোগ, তৃণমূলের ধরনা মঞ্চ থেকেই এই হামলা চালানো হয় । ভাঙচুর করা হয় কনভয়ের একটি গাড়িতে । সাবিত্রী বর্মনের অভিযোগ, বিনা প্ররোচনায় তার গাড়িতে লাঠি-সোটা দিয়ে হামলা চালানো হয় এবং গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়।
অন্যদিকে,রবিবার সন্ধ্যায় মাথাভাঙ্গা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঝংকার মোড়ে তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । অভিযোগ মাথাভাঙ্গা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক প্রচার সেরে ঝংকার মোড় দিয়ে যখন যাচ্ছিলেন, সেসময় ওই মোড়ে তৃণমূল কংগ্রেসের অস্থায়ী কার্যালয়ে ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়ার উপর হামলা চালানো হয়। পাশাপাশি তৃণমূলের অস্থায়ী কার্যালয়েও ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় জখম হন কাউন্সিলর । পাশাপাশি বাপ্পা হোসেন নামে এক তৃণমূল কর্মীও আহত হন।মাথাভাঙ্গা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবলু বর্মনের অভিযোগ, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে । অন্যদিকে অভিযোগ অস্বীকার করে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক স্পষ্ট ভাষায় জানান,‘প্রশাসনিক অনুমতি নিয়েই নির্ধারিত রুটেই প্রচার চলছিল রবিবার । সেই সময় তৃণমূলের পক্ষ থেকেই প্রথমে গালিগালাজ করা হয় ও পাথর ছোড়া হয়। পাথর ছুঁড়লে তো আমরা পুষ্প বর্ষণ করব না।’ পাশাপাশি তিনি তৃণমূলের অস্থায়ী কার্যালয়কে অবৈধ বলে দাবি করে সেটি ভেঙে ফেলারও দাবি তুলেছেন ।।
