এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,২৩ মার্চ : ভোটের মুখেই আসামে জোর ধাক্কা খেলো শাসদদল বিজেপি । বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ মুহূর্তের কয়েক ঘণ্টা আগেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন আসামের ক্রীড়ামন্ত্রী। আসামের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী নন্দিতা গারলোসা রবিবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন।
নন্দিতা ২০২১ সালে হাফলং থেকে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি আসাম মন্ত্রিসভার মন্ত্রী হন। কিন্তু এবার বিজেপি ১৯ জন বর্তমান বিধায়ককে টিকিট দেয়নি। বিজেপি নন্দিতার নির্বাচনী এলাকা হাফলং থেকে এক নতুন মুখকে প্রার্থী করেছে । এর প্রতিবাদে নন্দিতা দল ছেড়েছেন।
নন্দিতা এই নির্বাচনী এলাকার আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সমর্থন পাওয়া একজন নেত্রী। রবিবার পিসিসি সাধারণ সম্পাদক নির্মল ল্যাংটাসার উপস্থিতিতে নন্দিতা দলে যোগ দেন। নন্দিতার আগমনে, এই আসনে আগে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনীত নির্মল ল্যাংটাসা, নন্দিতাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিজের আসনটি ছেড়ে দেন। দলে নন্দিতাকে স্বাগত জানিয়ে কংগ্রেস স্পষ্ট করে দিয়েছে যে, নন্দিতা গত পাঁচ বছর ধরে দিমা হাসাভুর কণ্ঠস্বর এবং তাকে পরিত্যাগ করা হবে না, কারণ তিনি নিজের অবস্থানে অটল।
নির্বাচনের শেষ মুহূর্তে ক্ষমতাসীন বিজেপি মন্ত্রীর আগমন কংগ্রেসকে অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে। বিশেষ করে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই প্রাক্তন রাজ্য সভাপতি ও সাংসদের কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ঘটনায় দলটি ক্লান্ত হয়ে পড়েছিল।।

