পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),১৬ ফেব্রুয়ারী : শিবরাত্রিতে মন্দিরে পূজো করার সময় পোশাকে মোমবাতির আগুন ধরে গিয়ে গুরুতর অগ্নিদগ্ধ হয়েছে পূর্ব বর্ধমান জেলার কালনার এক একাদশ শ্রেণীর ছাত্রী । অগ্নিদগ্ধ ছাত্রীর নাম পৌলমী রায় । তার বাড়ি কালনা থানার অন্তর্গত শ্যাম রাই পাড়া এলাকায়। রবিবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনার পর কিশোরীকে উদ্ধার করে প্রথমে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করে দেওয়া হয়৷ বর্তমানে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরী ।
জানা গেছে,কালনা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের শ্যাম রাই পাড়ার বাসিন্দা গৌতম রায়ের দুই মেয়ের মধ্যে বড় পৌলমী । মেয়েটি স্থানীয় একটি স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী । শিবরাত্রি উপলক্ষে পাড়ারই একটি মন্দিরে পূজো দিতে গিয়েছিল দুই বোন । সেই সময় অসাবধানতা বশত মন্দিরের ভিতরে জ্বালানো মোমবাতির আগুন ধরে যায় পৌলমীর শাড়িতে । প্রথমে সে শাড়িতে আগুন ধরে যাওয়ার বিষয়টি বুঝতে পারেনি । যখন বুঝতে পারে তখন দৌড়ে মন্দিরের বাইরে বেরিয়ে আসে ।
স্থানীয় যুবক রুপম বারুই বলেন,’বাইরে বেরিয়ে আসার পর শাড়ির আগুন নেভাতে চারপাশে ঘুরতে থাকে পৌলমী । কিন্তু সে সিন্থেটিকের শাড়ি পরে থাকায় তত দ্রুত তার শরীরে আগুন ছড়িয়ে পড়ে৷ চিৎকার শুনে আশপাশের মহিলারা ছুটে এসে জল ঢেলে আগুন নেভায় । এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷’ জানা গেছে,রাতেই পৌলমী রায়কে কলকাতায় নিয়ে যাওয়া হয় । তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।।
