এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৯ ফেব্রুয়ারী : মালদা জেলার রতুয়ায় এক প্রৌঢ়কে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে । বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে রতুয়া থানার ভাদো ব্যাঙ্ক মোড় এলাকার একটি আমবাগানের মধ্যে ওই ব্যক্তির ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ । পুলিশ জানিয়েছে,মৃতের নাম সেতাবুদ্দিন (৫০) । তার বাড়ি রতুয়ার ভাদো ছোট বটতলা গ্রামে । অবৈধ সম্পর্কে জেরে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে সন্দেহ মৃতের পরিবারের ।
জানা গেছে,পেশায় পশুর পাইকের সেতাবুদ্দিন রবিবার সকালে অনান্য দিনের মতই নিজের কাজে বাড়ি থেকে বের হয়েছিলেন । তারপর তিনি আর বাড়ি ফিরে আসেননি । এরপর রাত নটা নাগাদ পরিবারের লোকজন খবর পান যে রক্তাক্ত ক্ষতবিক্ষত সেতাবুদ্দিন পড়ে আছে ভাদো ব্যাঙ্ক মোড় সংলগ্ন একটি আমবাগানের মধ্যে । খবর পেতেই তার ঘটনাস্থলে ছুটে যান । পরে রতুয়া থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ।
মৃতের পরিবার সূত্রে খবর,এক মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন সেতাবুদ্দিন । দীর্ঘ প্রায় ৮ বছর ধরে তাদের মধ্যে এই অনৈতিক সম্পর্ক চলছিল । সেই সম্পর্কের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে বলে সন্দেহ পরিবারের । যদিও আজ সোমবার বিকেল পর্যন্ত এনিয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।

