এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৪ মার্চ : ইরানের উপকূলে হরমুজ প্রণালীর কাছে খারগ দ্বীপে বোমা হামলা চালানো হয়েছে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য জানান তিনি । ট্রাম্প বলেন, ইউএস সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। খারগ দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর উত্তর-পশ্চিমে ৭ দশমিক ৭ বর্গমাইল এলাকাজুড়ে দ্বীপটি বিস্তৃত। আকারে ছোট হলেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯৪ শতাংশ এ দ্বীপ থেকেই হয়। ইরানের মূল তেল রপ্তানি টার্মিনালটির অবস্থানও এই দ্বীপে।
গুরুত্বপূর্ণ দ্বীপটি দখলের বিষয়ে ট্রাম্প প্রশাসনে আলোচনা চলছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। ছোট এ দ্বীপ দখলে চলে গেলে ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে, যার প্রভাব হতে পারে দীর্ঘমেয়াদি।।
