এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,০৩ ফেব্রুয়ারী : ভুল চিকিৎসায় ঠাকুমার মৃত্যুর অভিযোগ তুলে চেম্বারে ঢুকে চিকিৎসককে দা দিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ করল ঘাতক । এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে বর্ধমান শহরের জনবহুল এলাকা বাদামতলায় । মৃত চিকিৎসকের নাম রাজা ভৌমিক (৪৫)। পুলিশ জানিয়েছে,অভিযুক্তের নাম জীবন রুইদাস(২৭) । তার বাড়ি শক্তিগড় থানার আমড়া গ্রামে । এদিকে প্রকাশ্য দিবালোকে এক চিকিৎসকের চেম্বারে ঢুকে এমন নৃশংস হত্যাকাণ্ডে তোলপাড় পড়ে গেছে শহর জুড়ে ।
জানা গেছে,মৃত চিকিৎসক রাজা ভৌমিকের বাড়ি বর্ধমান শহরের বাবুরবাগ এলাকায় । বছর দেড়েক আগে তার বাবা-মা মারা গেছেন। বাড়িতে রয়েছেন স্ত্রী এবং ৩ ও ১০ বছরের দুই নাবালক সন্তান । মৃতের খুড়তুতো ভাই রকি ভৌমিক জানান,এক চিকিৎসকের অধীনে কম্পাউন্ডার হিসাবে কাজ করতেন তার দাদা । পরে পুলিশ সুপারের কার্যালয়ের অদূরে বাদামতলা এলাকায় নিজেই চেম্বার খুলে বসেন । বছর ৫-৬ ধরে ধরে তিনি চিকিৎসা করছিলেন । ঘাতক জীবন রুইদাস 👇

ঘটনার বিবরণে জানা গেছে,প্রতিদিনের মতোই আজ মঙ্গলবার সকাল প্রায় ১০টা নাগাদ চেম্বার খোলেন রাজা ভৌমিক। কিছুক্ষণ পরই রাজা ভৌমিকের চেম্বারে ঢোকেন জীবন রুইদাস । তার সঙ্গে থাকা ব্যাগের মধ্যেই ছিল একটি কাটারি। অভিযোগ যে চেম্বারে ঢুকেই অতর্কিতে রাজা ভৌমিকের ঘাড়ে কাটারির এক কোপ বসিয়ে দেয় জীবন। এরপর সে সটান সে বর্ধমান সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করে । তবে সবচেয়ে অবাক করার মত বিষয় হল যে চেম্বারে ঢুকে একজন চিকিৎসককে নৃশংসভাবে খুন করা হলেও ঘুণাক্ষরেও টের পায়নি আশপাশের লোকজন । পরে ঘাতককে সঙ্গে করে পুলিশ অকুস্থলে এলে তারা খুনের কথা জানতে পারে ।
জানা গেছে,পুলিশ গিয়ে রাজা ভৌমিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর,ধৃত জীবন রুইদাস পুলিশের কাছে জানায় যে তার ঠাকুরমা প্রায় এক মাস আগে মারা যান। রাজা ভৌমিকের কাছে চিকিৎসা করানোর ফলেই তার ঠাকুরমার মৃত্যু হয়েছে বলে সে দাবি করে । ঠাকুরমার মৃত্যুর প্রতিশোধ নিতেই সে চিকিৎসককে খুন করার পরিকল্পনা করেছিল বলে পুলিশকে জানিয়েছে বলে জানা গেছে । জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী জানান, অভিযুক্ত খুন করে নিজেই থানায় আসে।তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। কবে থেকে সে চিকিৎসককে খুনের পরিকল্পনা করেছিল বা তার কোন মানসিক সমস্যা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি । মৃতের ভাইপো আকাশ ভৌমিক জানান, কাকার বাড়িতে স্ত্রী ও দুই শিশুসন্তান আছে । দুই নাবালক সন্তানকে নিয়ে এখন অথৈ জলে পড়েছেন কাকিমা ।।

