এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ মার্চ : দলের ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তিতে আজ শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভায় আগত মিছিলে ইঁটপাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে মধ্য কলকাতায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয় । আহত হন বিজেপি নেতা তমঘ্ন ঘোষ ও একজন পুলিশ অফিসার । হিংসার মধ্যে, গিরিশ পার্ক এলাকায় পশ্চিমবঙ্গের মন্ত্রী শশী পাঁজার বাসভবন লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগও উঠেছে । ব্রিগেড
সমাবেশস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে হিংসার ঘটে যখন বিজেপি সমর্থকরা প্রধানমন্ত্রীর সভায় যোগদানের জন্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে মিছিল করে যাচ্ছিলেন ।
শশী পাঁজা দাবি করেছেন, “৫০-এরও বেশি তৃণমূল কর্মী আহত হয়েছেন। আমার দিকে বিশাল একটি পাথর ছুড়ে মারা হয়েছিল, যার ফলে আমাকে ধাক্কা দিয়ে ভেতরে সরিয়ে নেওয়া হয়।’ তিনি বলেন, ‘বিজেপির লোকজন আসলে গুন্ডা। এরা খুনি। ওরা ‘বিজেপি বয়কট’ ব্যানারটি দেখতে পায়, সেটি ছিঁড়ে ফেলে, তৃণমূল কংগ্রেস সমর্থকদের ওপর হামলা চালায় এবং পাথর ছোড়ে… এমনকি পুলিশকর্মীরাও আহত হয়েছেন। আজ কলকাতায় যেভাবে এই গুন্ডামি ও তাণ্ডব চালানো হলো, তা নজিরবিহীন; বাংলায় সাধারণত এমন চরম অরাজকতা দেখা যায় না। এরা আসলে খুনি ।”
