প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১১ এপ্রিল : ‘খুঁটি পুজোটা আজ করে দিয়ে গেলাম।দশমীর বিসর্জনটা ৪ তারিখে করবো।ওইদিন দুপুরের পর সবুজ আবির আর রবীন্দ্র সংগীতের সাথে একটু ডিজেও বাজবে ।’ আজ শনিবার পূর্ব বর্ধমানের মেমারিতে নির্বাচনী প্রচারসভা থেকে এমনই হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের সেকেণ্ড ইন-কমাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় । একই সাথে তিনি মেমারি বিধানসভার বিজেপি প্রার্থী মানব গুহকে এদিন জেল খাটা মাল বলে কটাক্ষে বেঁধেন।
মেমারি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে এদিন হুডখোলা গাড়িতে চেপে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেমারি বিডিও অফিস মোড় থেকে রোড শো শুরু হয় ।এক কিলোমিটার পথ পেরিয়ে মেমারির নতুন বাসস্ট্যান্ডে গিয়ে রোড শো শেষ হয়।সেখানেই গাড়ির উপরে দাঁড়িয়ে বক্তব্য রাখেন অভিষেক।তিনি তাঁর বক্তব্যে বিজেপির পাশাপাশি সিপিএম এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক যোগে আক্রমণ শানান ।
অভিষেক বলেন, ‘এসআইআর(SIR) করে, এফআইআর(FIR) করে চমকে ধমকে বাঙালিকে দমাতে চেয়েছে।আজকর ট্রেলারটা খালি মেমারির মানুষ দেখালো। চার তারিখে সিনেমাটা বিজেপি দেখবে। প্রচার চলছে, কর্মী সমর্থকরা কাজ করছে।
মানুষ দুহাত তুলে তৃণমূলের ওপর আশীর্বাদ ভালোবাসার হাত রেখেছে।আমি খালি আপনাদের সাথে এসে আজ খুঁটি পুজোটা করে দিয়ে গেলাম। বহিরাগত বাংলা বিরোধীদের দশমীর বিসর্জনটা ৪ তারিখে করবো। আগামী ২৯ তারিখ ভোটটা এমন ভাবে দিতে হবে যাতে বাংলার সাথে গদ্দারি আর বেইমানি করার আগে এই বহিরাগত নেতা গুলো একশ বার ভাবে।
বাংলার আলু চাষিদের দুর্দশার নিয়ে এদিন পূর্বস্থলীর জনসভায় স্বোচ্চার হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা নিয়ে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,আজকে এসে আলু চাষিদের জন্য কুম্ভিরাশ্রু ঝরাচ্ছে নরেন্দ্র মোদি আর বিজেপির নেতারা। তাঁরা আলু চাষিদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বলছে তাঁরা ক্ষমতা এলে নাকি আলু চাষেদের জন্য অনেক কিছু করবে। কিন্তু মনে রাখতে হবে এক বছরে ১০ হাজার ৩০০ জনের বেশি কৃষক মারা গেছে এই বিজেপি শাসিত রাজ্যগুলো নিয়ে। কালো কৃষি আইনের নামে ৭০০ জন কৃষক আত্মহত্যা করেছে। যাঁরা মাঠে চাষ করেন তাঁরা জানেধ যে সারটা এক বছর আগে ১৪০০ টাকা বস্তা ছিল, আজকে সেই একই সার এন পি কে ২৬ঃ১০ঃ২৬ এর দাম ১৪০০ টাকার জায়গায় ১৮৫০ টাকা বস্তা হয়েছে।তাতে আবার মোদিও ছবিও দেওয়া আছে।প্রধানমন্ত্রী এসে বলেছিলেন, আলু রপ্তানির জন্য বিশেষ মাল গাড়ি চালানো হবে। ২০২১ সালে বাংলায় হেরে যাওয়ার পর ৯ জুলাই ২০২১ সালে মালগাড়ি বন্ধ করে দেয়। এক মাসের জন্য মাল গাড়ি চালিয়েছিল নির্বাচনে প্রতিশ্রুতির ভাওতা দিতে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আগামী দিনে আলু চাষিদের স্বার্থে কি করতো চায় সেকথা এদিন মেমারিতে দাঁড়িয়ে ঘোষণা করেন অভিষেক । তিনি বলেন,“ আগামী বছর থেকে বাংলায় প্রতিবছর ৩০ হাজার কোটি টাকার কৃষি বাজেট পরিবেশন করা হবে বিধানসভায়। বাংলা জুড়ে ৫০ টিরও বেশি নতুন হিমঘর তৈরি হবে।আলু চাষিদের সবথেকে বড় চিন্তা ফলন বেশি হলে অভাবি বিক্রি করতে হয়।। আগামী বছর থেকে একটা চাষীকেও অভাবী বিক্রি করতে হবে না ফলন যতই হোক।
মেমারিতে বিজেপির প্রার্থী মানব গুহকে নিশানা করে অভিষেক বলেন ,’বিজেপির থেকে টাকা নিয়ে ইউটিউবে ভিডিও বানায়। বাড়ি মেমারি এক নম্বর ওয়ার্ডে হলেও ২৫ বছর ধরে থাকে কলকাতায়। তাকেই বিজেপি প্রার্থী করেছে। যে টাকা নিয়ে ভিডিও বানায় সে যদি আগামী দিন এখানে থাকে তাহলে তো সার্টিফিকেট সই করতে টাকা চাইবে। তিনি এও বলেন ,একে ২০২২ সালে সাম্প্রদায়িক উস্কানির ঘটনায় কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল। ১৫ দিনের জেল খাটা মাল ।যত জেল খাটা আসামি, চোর,ছেচর, চিটিংবাজ, দুনম্বরি মাতাল ঘুষখোর পাতাখোর বেইমান সব বিজেপি। কোন ভদ্রলোক বিজেপি করে না।
মেমারির মাটিতে দাঁড়িয়ে সিপিএমকেও একহাত নেন অভিষেক বন্দ্যোপাধায়। তিনি বলেন এক সময়ে মেমারি তো সিপিএমের আঁতুরঘর ছিল। এখানে বিনয় কোঙারের বাড়ি। সিপিএমের কালো দিনগুলো ভুলে গেছেন। বাম আমলে যাঁরা তৃণমূল আর কংগ্রেস করতো তাঁরা রাস্তায় বের হতে পারত না। একটা ফ্ল্যাগ লাগাতে পারত না। পুকুরে বিষ ঢেলে মাছ গুলো মেরে দিত। জমিতে চাষ করতে পারত না। বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিত। আর আজকে আজকে সেখানেই দাঁড়িয়ে বড় বড় ভাষণ, বাজার গরম করা। ৪ তারিখ রবীন্দ্র সংগীত বাজবে তার সাথে যাঁরা দাপাদাপি করছেন গণতান্ত্রিকভাবে মানুষ তাদের জবাবও দেবে। ৪ তারিখ দুপুরের পর সবুজ আবির আর রবীন্দ্র সংগীতের সাথে একটু ডিজে ও বাজবে। বিনয় বাবু বলেছিল আমার এখনো মনে আছে , নন্দীগ্রামের সময়ে লাইফ হেল করে দেবো। লাইফ হেল করা কি বাংলার মানুষ ২০১১ সালে বুঝিয়ে দিয়েছে। সিপিএমের সব জল্লাদ গুলো জার্সি পাল্টে বিজেপিতে নাম লিখিয়েছে। সব লাল পতাকা ছেড়ে দিয়ে এখন গেরুয়া পতাকা ধরেছে। এদের জামানত বাজেয়াপ্ত করতে হবে।।যাঁদের নাম এই ভোটে বাদ যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসর এক মাসের মধ্যে তাঁরা অধিকার ফিরে পাবেন। এটা আমাদের দায়িত্ব। ৪ মে ফল ঘোষণা হবে।৪ জুনের মধ্যে ভোটার আইডি কার্ড আপনার হাতে থাকবে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আশ্বস্ত করেন।।
