এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ মার্চ : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা জয় ব্যানার্জি (জয় বন্দ্যোপাধ্যায়) ২০২৫ সালের ২৫ আগস্ট, কলকাতায় প্রয়াত হয়েছেন । ওই বছর ১৫ অগস্ট তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। ১৭ অগস্ট ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। কিন্তু ২৫ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । কিন্তু মৃত্যুর পরেও ওই অভিনেতা-নেতার ফেসবুক পেজ সক্রিয় দেখা গেছে । সঙ্গত কারনে প্রশ্ন উঠছে যে নেপথ্যে কে পরিচালনা করছে প্রয়াত জয় ব্যানার্জির ফেসবুক পেজ ।
আজ ১৩ মার্চ ২০২৬, শুক্রবার, সকালেও প্রয়াত অভিনেতা জয় ব্যানার্জির ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়েছে । জীবাশ্ব জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে ওই পোস্ট করা হয় । পোস্টে লেখা হয়েছে,’জ্বালানির দামে আগুন! গ্যাসের জন্য বাড়তি টাকা নিচ্ছে রেস্টুরেন্ট । জ্বালানির লাগামছাড়া দামের প্রভাব এবার সরাসরি পড়ল হোটেল-রেস্তোরাঁর বিলেও। খাবারের দামের পাশাপাশি আলাদা করে “গ্যাস চার্জ” নেওয়ার নজির সামনে এল। চেন্নাইয়ের গীরাস (Geeraas) নামের এক রেস্তোরাঁর ১২ মার্চ ২০২৬-এর একটি বিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে মোট বিলের সঙ্গে অতিরিক্ত ₹৯.৫২ “Gas” ফি যোগ করা হয়েছে।’
আরও লেখা হয়েছে,’জানা গিয়েছে, ৭ মার্চ থেকে রান্নার গ্যাস (LPG)-এর দাম প্রায় ₹৬০ বেড়ে যাওয়ার পরই এই বাড়তি চার্জ চালু করা হয়েছে বলে দাবি রেস্তোরাঁ কর্তৃপক্ষের। রান্নার জ্বালানির খরচ সামলাতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে আগে থেকে গ্রাহকদের না জানিয়ে এভাবে আলাদা চার্জ বসানোয় ক্ষোভ বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে, যার প্রভাব পড়ছে ভারতেও। ফলে ছোট-বড় খাবারের দোকানগুলির খরচ দ্রুত বাড়ছে। যদিও দেশজুড়ে এখনও ব্যাপকভাবে “গ্যাস সারচার্জ” নেওয়ার ঘটনা শোনা যায়নি, তবুও ভবিষ্যতে আরও রেস্তোরাঁ এই পথে হাঁটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মজার ছলে লিখেছেন, “এটা বুঝি ‘ফ্লেম অ্যাক্টিভেশন ফি’!” আবার অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, খাবারের দামের মধ্যেই সব খরচ ধরা উচিত—এভাবে লুকিয়ে বাড়তি টাকা নেওয়া স্বচ্ছতার পরিপন্থী।ভোক্তা সংগঠনগুলিও সতর্ক করেছে—বিলে যে কোনও অতিরিক্ত চার্জ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং গ্রাহককে আগেই জানানো উচিত। নইলে এটি বিভ্রান্তিকর ব্যবসায়িক পদ্ধতি হিসেবে বিবেচিত হতে পারে।’
পরিশেষে লেখা হয়েছে,’মুদ্রাস্ফীতির চাপে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে—তার ওপর বাইরে খেতে গিয়েও যদি নতুন নতুন “অ্যাড-অন” চার্জ দিতে হয়, তাহলে মধ্যবিত্তের পকেটে চাপ আরও বাড়বে বলেই মত অনেকের।’ সঙ্গে হাতা-খুন্তি ও আগুনের ইমোজি ব্যবহার করা হয়েছে এবং উল্লিখিত রেস্তোরাঁর বিল সংযুক্ত করা হয়েছে ।
বিলটিতে উল্লিখিত রেস্তোরাঁর নাম ও ঠিকানা দেওয়া হয়েছে : Geeraas Restaurant . NA, 1, THIRUVENKADANAGAR,MGR SALAI,
PERUNGUDICHENNAI, Chennai-600096,
GSTIN: 33AQKPS91902Z9 ; PH: 8124499888.
নাম দেওয়া না তাহলেও তারিখ ও টোকেন নম্বর উল্লেখ করা হয়েছে (Date: 12/03/26,Dine In: D10,
08:32,Cashier: biller,Bill No.: 57833,Toke 1 No.: 28)। রেস্তোরাঁয় ৩৩.৩৩ টাকা মূল্যের ৩ টি ইডলি খাওয়া হয়েছে৷ যার গ্যাস ফি ৯.৫২ টাকাসহ মূল্য উল্লেখ করা হয়েছে ৭৬.১৮ টাকা । সিজিএসটি, এসজিএসটি এবং রাউন্ড অফ মিলে মোট মূল্য ৮০.০০ টাকা ।
পেজটির প্রোফাইলে রয়েছে জয় ব্যানার্জির ছবি । “বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য” লেখাটি এখনো জ্বলজ্বল করছে । ফলোয়ার্স ৩২ কে,ফলোইং ৩২ এবং ১.৯ কে পোস্টের কথা উল্লেখ রয়েছে । কিন্তু এখন প্রশ্ন উঠছে একজন মৃত ব্যক্তির পক্ষে কিভাবে চেন্নাইয়ের রেস্তোরাঁয় “ইডলি খেয়ে” এই পোস্ট করা সম্ভব? কে পরিচালনা করছে মৃত অভিনেতার ফেসবুক পেজটি ?
