এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ মার্চ : গতকাল বিধানসভার ১৪৪ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ছাড়াও কলকাতার ভবানীপুরে প্রার্থী করা হয়েছে । ভবানীপুরে শুভেন্দুকে প্রার্থী করা তৃণমূলকে বিজেপির ‘ওপেন চ্যালেঞ্জ’ বলে মনে করা হচ্ছে । কারন ওই কেন্দ্রের বর্তমান বিধায়ক হলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । শুভেন্দু বারবার চ্যালেঞ্জ জানিয়ে আসছেন যে ভবানীপুরে মমতাকে হারাবেনই ।
এদিকে তৃণমূল আনুষ্ঠানিকভাবে এখনো প্রার্থী ঘোষণা না করলেও দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বলা হয়েছে যে “নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শুভেন্দু অধিকারী হারবেন” । ওই পোস্টে লেখা হয়েছে : “ভীষণ রকম খেলা হবে । শুভেন্দু এবার প্রাক্তন হবে । নন্দীগ্রামে হারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে । চ্যাপ্টার ক্লোজড ।”
শোনা যাচ্ছে যে আজ মঙ্গলবার ২৯৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করবে তৃণমূল। সূত্রের খবর, তার আগেই বিজেপিতে যোগ দেবেন নন্দীগ্রাম দুই ব্লকের বিজেপি নেতা পবিত্র কর। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি। তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকেই প্রার্থী করা হবে বলে জল্পনা তৈরি হয়েছে।আগেও তৃণমূলেই ছিলেন তিনি। ২০১৮ সালে তিনি ছিলেন বয়াল দুই গ্রামের প্রধান। পরে ২০২১ সালে শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি।
তবে ২০২১-এর নন্দীগ্রামের ভোটের লড়াই কি এবার ভবানীপুরে ফিরছে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি ফের এই কেন্দ্রে প্রার্থী হবেন ? এর উত্তর আজ দুপুর পর্যন্ত অজানা৷ তবে মমতার কথায় ইঙ্গিত মিলেছে যে তিনিই ভবানীপুরে প্রার্থী হবেন। শেষপর্যন্ত দুই হেভিওয়েটের লড়াই হলে শেষ হাসি হাসবে কে? উত্তর মিলবে আগামী ৪ মে।।
