এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৬ এপ্রিল : বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে গলায় দড়ি দিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে মালদা জেলার সাহাপুরে৷ মৃত যুবকের নাম কাবিল শেখ(৩৭) । আজ সোমবার সকালে মাঠের ধানজমিতে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায়৷ পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । এই ঘটনায় নির্বাচন কমিশনকে কাঠিগড়ায় তুলছে । তাদের দাবি যে এসআইআর- এর সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাতিলের জেরেই এমন চরম সিদ্ধান্ত নিয়েছে ওই যুবক ।
জানা গেছে,মালদা ব্লকের সাহাপুর অঞ্চলের পাথার মাধাইপুর এলাকার বাসিন্দা কাবিল শেখ পেশায় কৃষক৷ বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা-মা,স্ত্রী ও দুই নাবালক ছেলেমেয়ে । কাবিলরা ৪ ভাই । এস আই আর প্রক্রিয়ায় তাদের চারভাইয়ের নামই বিচারাধীন তালিকায় ছিল । কিন্তু রবিবার রাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতেই দেখা যায় যে তারা চারজনই “ডিলিটেড” হয়ে গেছে ।
মৃতের দাদা মিরাজুল হকের দাবি,’এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকেই ভাই খুব মানসিক চাপে ছিল ৷ ডাক্তারও দেখিয়েছিল । রবিবার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর যখন ভাই জানতে পারে যে আমাদের চারজনেরই নাম “ডিলিট” হয়ে গেছে,তখন খুব ভেঙে পড়ে । রাতেই বাড়ি থেকে বের হয়ে যায় । তারপর সে আর ফেরেনি৷ অবশেষে আজ বাড়ির কিছুটা দূরে ধান জমিতে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ভাইকে ঝুলতে দেখা যায় ।’ তিনি বলেন,’আমার ভাইয়ের মৃত্যুর জন্য নির্বাচন কমিশন দায়ি । তার গোটা পরিবারটা পথে বসে গেল।’।
