এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,১৪ মার্চ : শিশুসন্তান কোলে নিয়ে ব্রাউন সুগার পাচার করতে গিয়ে জলপাইগুড়িতে জিআরপি-এর হাতে গ্রেপ্তার হল আসামের এক মহিলা । জিআরপি জানায় ধৃত মহিলার নাম তসলিমা খাতুন (২৮)। তার বাড়ি অসমের মরিগাঁও জেলায় । আজ শনিবার সকালে ডাউন বিবেক এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরা থেকে ৪৮ গ্রাম ব্রাউন সুগারসহ ওই মহিলাকে গ্রেপ্তার করেছে রেলপুলিশ । ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে ধৃত মহিলাকে পুলিশ হেফাজতে পাঠানো হয় ।
জানা গেছে,আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি স্টেশনে অভিযান চালায় জিআরপি ও এসওজি টিম।সেইসময় স্টেশনের ৫নম্বর প্ল্যাটফর্মে আসে ডাউন বিবেক এক্সপ্রেস ট্রেনটি । জিআরপি ও এসওজি টিম ট্রেনটিতে তল্লাশি চালানোর সময় সাধারণ কামরায় একটি শিশু কোলে নিয়ে বসে থাকতে দেখে৷ তার সন্দেহজনক হাবভাব দেখে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ । তারপর মহিলা পুলিশ দিয়ে তার পোশাকে তল্লাশি চালাতেই ৪৮ গ্রাম ব্রাউন সুগার বেরিয়ে আসে । উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা।প্রাথমিক তদন্তে অনুমান,উদ্ধার হওয়া মাদক অসম থেকে কেরালায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই মাদক চক্রটির জাল কতদুর বিস্তৃত জানতে ধৃতকে জেরা শুরু করেছে পুলিশ ।।
