এইদিন স্পোর্টস নিউজ,১৯ মার্চ : নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস একজন সত্যিকারের অলরাউন্ডার। তিনি মাঠে তার ব্যাটিং এবং দুর্দান্ত ফিল্ডিং দিয়ে সবার নজর কেড়ে আসছেন, আর এখন বিমান চালিয়ে তিনি তার ভক্তদের চমকে দিয়েছেন। গ্লেন ফিলিপসের এই বহুমুখী প্রতিভার জন্য তাকে ‘সুপারম্যান’ হিসাবে চেনে দেশের মানুষ ।
সম্প্রতি তিনি অকল্যান্ডে সফলভাবে একটি হালকা বিমান অবতরণ করিয়ে তাঁর পাইলটিং দক্ষতা প্রদর্শন করেছেন এবং এর ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গত মঙ্গলবার, ১৭ই মার্চ, তিনি অকল্যান্ডের আর্ডমোর এয়ারোড্রোমে সফলভাবে একটি হালকা বিমান অবতরণ করিয়ে তাঁর পাইলটিং দক্ষতা প্রদর্শন করেন।ফিলিপস তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিওটি পোস্ট করেছেন এবং ভিডিওটি ভাইরাল হচ্ছে।
এই গ্লেন ফিলিপসই আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি পাইলট হবেন। গ্লেন ফিলিপস বলেছিলেন, “হ্যাঁ, এটা আমার বড় শখ। যদি আমি ক্রিকেট না খেলতাম এবং ছোটবেলায় আমার অনেক টাকা থাকতো, তাহলে আমি অবশ্যই পাইলট হতাম। আকাশে থাকতে আমার খুব ভালো লাগে।”তিনি স্পষ্ট করে বলেন,”ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর যদি আমাকে কাজ করতে না হয়, তবে আমি পাহাড়ে আরও বেশি সময় কাটাতে চাই। কিন্তু যদি কাজ করতেই হয়, তবে ভবিষ্যৎ জীবনের জন্য পাইলট হওয়াই আমার প্রথম পছন্দ ।”
একইভাবে, ফিলিপস, যিনি এখন বাণিজ্যিক পাইলট লাইসেন্স পাওয়ার পথে রয়েছেন, আর্ডমোর ফ্লাইং স্কুলে ছাত্র ও প্রশিক্ষকদের সাথে তার সাম্প্রতিক আলাপচারিতার কথা জানিয়েছেন।
গ্লেন ফিলিপস একজন লাইসেন্সপ্রাপ্ত পাইলট, যিনি গত আইপিএল আসরে খেলার সময় চোট পাওয়ায় কয়েক মাস মাঠের বাইরে ছিলেন। তিনি অন্য দিকে মনোযোগ দিতে চেয়েছিলেন। পুনর্বাসনের সময় তিনি প্রতিদিন ১২ ঘণ্টা করে বিমান চালনা শিখছেন। তিনি সমস্ত পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছেন।
ফিলিপস গত বছর ৫ই মে বিমান চালানো শুরু করেন। তিনি দ্রুতই বুঝতে পারেন যে এই কাজটি তিনি ভালোবাসেন এবং প্রায় ৮০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা অর্জনের পর তিনি তার প্রাইভেট পাইলট লাইসেন্স লাভ করেন।।
