এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৫ মার্চ : বুধবার হোলির দিন মালদার মানিকচকের মথুরাপুর কাহার পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনায় ১৪ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ৷ মৃত কিশোরের নাম সমর রজক । এই ঘটনায় এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ জনে । এর আগে গুলি চালানোয় অভিযুক্ত ১৭ বছরের কিশোরের বাবা রেশন ডিলার সমীর গুপ্তকে পিটিয়ে মেরে ফেলে ক্ষিপ্ত জনতা । এছাড়া মৃত কিশোর সমর রজকের বাবা কালু রজক, মা নমিতা রজক এবং ১০ বছরের কিশোর সম্রাট মাহারা এবং অরুণ মন্ডল নামে এক গ্রামবাসী গুলিবিদ্ধ অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবারও গোটা এলাকা জুড়ে শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে ।
স্থানীয় সূত্রে খবর,বুধবার রাত্রি ৮-৯ টার সময় সমীর গুপ্তের ছেলের সঙ্গে পাড়ার কয়েকজন কিশোরের কোনো কারনে বচসা হয় । তার জেরে সমীর গুপ্তের ছেলে তার বাবার লাইসেন্স প্রাপ্ত বন্দুক নিয়ে এসে ভিড় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে । গুলিতে জখম হয় ১০ বছরের সম্রাট মাহারা, ১৪ বছরের সমর রজক,সমরের বাবা কালু রজক, মা নমিতা রজক সহ অরুণ মন্ডল নামে এক ব্যক্তি । পরে গুলিবিদ্ধ পাঁচজনকে উদ্ধার করে দ্রুত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয় সমরের ।
এদিকে তার আগে ঘটনার পরপরই ক্ষিপ্ত জনতা মথুরাপুর কাহার পাড়ার রেশন ডিলার সমীর গুপ্তের বাড়িতে হামলা চালিয়ে দেয় । ভাঙচুরের পাশাপাশি তাকে নির্মমভাবে পেটানো হয় । আর মারধরের জেরেই সমীরবাবুর মৃত্যু হয় ।।

