এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৯ ফেব্রুয়ারী : রবিবার রাতে মালদা জেলার ইংরেজবাজারের রথবাড়ি এলাকার একটি মার্কেটের একাংশ বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গেছে জেলা জুড়ে । মার্কেটের মালিকপক্ষ ও ব্যবসায়ীদের মধ্যে একটি মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন থাকা সত্ত্বেও কার নির্দেশে ওই মার্কেটটিতে বুলডোজার চালানো হল? এনিয়ে প্রশ্ন উঠছে । এই ঘটনায় “তৃণমূলের মাফিয়া”দের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি । এদিকে বিনা নোটিশে দোকানে বুলডোজার চালানোয় প্রচুর টাকার ক্ষতির মুখে পড়েছেন অন্তত ১২ জন ব্যবসায়ী । মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডুর, একজন প্রোমোটার এই ঘটনা ঘটিয়েছে। দোকান ভাঙচুর করিয়েছে। ভাঙচুর করার সময় কিছু দোকানের ক্যাশ বাক্স সহ মালপত্র চুরি গেছে। বিষয়টি তারা পুলিশকে জানিয়েছেন। পুলিশ ৪৮ ঘন্টার মধ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
জানা গেছে,তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের রথবাড়ির নবীন হল সংলগ্ন এলাকায় রয়েছে ওই দ্বিতল বেসরকারি মার্কেটটি । মার্কেটের নিচের তলায় ১২ থেকে ১৫ টি দোকান রয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ,বছর দুয়েক ধরে তাদের উচ্ছেদের চেষ্টা করছে মালিকপক্ষ । যেকারণে তারা হাইকোর্টে মামলা করেছেন। সেই মামলা এখনও কোর্টে বিচারাধীন।
মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রবিবার গভীর রাতে ২ টি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় মার্কেটের একাংশ । আজ সোমবার ভোর রাত প্রায় ২ টো নাগাদ খবর পেয়ে ব্যবসায়ীরা সেখানে ছুটে গিয়ে বুলডোজার আটকানোর চেষ্টা করলে তাদের পিষে মেরে ফেলার চেষ্টা হয় । ফলে তারা প্রাণ বাঁচাতে ছুটে পালিয়ে যান । ব্যবসায়ীরা এই ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন । পাশাপাশি দোকানের শাটার ভেঙে ফেলায় দামি দামি পণ্য সামগ্রী লুটপাট হয়েছে বলেও অভিযোগ তাদের ।
বিজেপির দক্ষিণ মালদা জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় ভাঙচুর করা মার্কেটের বেশ কয়েকটি ছবি আজ নিজের ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন,’মালদার রথবাড়ি এলাকায় জয় লজের নিচে রাতারাতি এতগুলো দোকানকে শুধুমাত্র দখল করার স্বার্থে তৃণমূলের মাফিয়ারা ভেঙে গুড়িয়ে দিল । পুরো ইংলিশবাজার জুড়ে মাফিয়া রাজ চলছে । ২০২৬-এ যোগ্য জবাব এদের দিতে হবে ।’
অন্যদিকে ইংরেজবাজার পুরসভার পুরপ্রতি কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর দাবি,’ওই মার্কেটের ভবনটি বিপদজনক অবস্থায় ছিল । মার্কেটের মালিক পুরসভায় আবেদন করেছিলেন । তার ভিত্তিতে পুরসভার ইঞ্জিনিয়ারদের দিয়ে মার্কেটটির পরীক্ষা করানো হয় । ইঞ্জিনিয়াররা মার্কেটটিকে বিপজ্জনক বলে রিপোর্ট দিলে সেটি ভাঙার নির্দেশ দিয়েছিলাম।’ কিন্তু পুরসভার কোন পরিকাঠামো না থাকায় মার্কেটের মালিক নিজেই সেটা ভেঙেছে বলে দাবি করেছেন পুরপতি।
কিন্তু রাতের অন্ধকারে কেন এই ভবনটিকে ভাঙ্গা হলো এবং ব্যবসায়ীদের আগে কেন নোটিশ দেওয়া হলো না ? এ নিয়ে প্রশ্ন তুলেছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স । ব্যবসায়ীরা জানিয়েছেন যে বিষয়টি নিয়ে জেলাশাসকের দারস্থ হয়েছেন। যদি কোন সুরাহা না হয় তাহলে গোটা মালদা জেলায় ব্যবসায়িক প্রতিষ্ঠানে বন্ধ ঘোষণা করা হবে ।।

