এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৩ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলার কটোয়ায় ভাগীরথী নদীতে সাঁতার শিখতে গিয়ে তলিয়ে গেলো নবম শ্রেণীর ছাত্র ৷ নিখোঁজ পড়ুয়ার নাম সন্দীপন দেবনাথ (১৫) । তার বাড়ি কাটোয়া শহরের মাধাইতলা এলাকায় । এক বন্ধুর কথায় সে আজ সোমবার দুপুরে ভাগীরথী নদীতে সাঁতার শিখতে গিয়ে ঢেউয়ের তোড়ে তলিয়ে যায়৷ পরে ওই কিশোরের সন্ধানে ভাগীরথী নদীতে তল্লাশি শুরু করে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বিভাগের বাহিনী । কিন্তু সন্ধ্যার আগে পর্যন্ত কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি ।
জানা গেছে,কাটোয়া শহরের মাধাইতলা এলাকার বাসিন্দা সন্তোষ দেবনাথ ও শিবানী দেবনাথের একমাত্র সন্তান সন্দীপন । দম্পতি একটি তেলেভাজার দোকান চালান । সন্দীপন ভারতী ভবন উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, শহরের নন্দলাল বসু রোডের বাসিন্দা গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় (১৪) নামে এক কিশোর সন্দীপনের সহপাঠী । ওই সহপাঠীই সন্দীপনকে সাঁতার শেখানোর নাম করে ভাগীরথী ঘাটে ডেকে নিয়ে যায়। সঙ্গে ছিল ঈশান ও রাজদীপ নামে আরও দুই বন্ধু। বাকিরা নদীর পাড়ে দাঁড়িয়েছিল। জলে নেমেছিল সন্দীপন ও গোপেশ্বর। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান,গোপেশ্বর সন্দীপনের হাতটা ধরে ছিল। আর সন্দীপন জলে ভেসে সাঁতার কাটার চেষ্টা করছিল। আর তখনই হাত ফস্কে তলিয়ে যায় সন্দীপন । এদিকে সন্দীপনকে তলিয়ে যেতে দেখে পালিয়ে যায় ঘাটে দাঁড়িয়ে থাকা দুই বন্ধু । গোপেশ্বর তার স্কুটি নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা তাকে ধরে ফেলে । পাশাপাশি ঘাটে থাকা কয়েকজন যুবক জলে নেমে কিশোরের সন্ধান শুরু করে । কিন্তু তারা ব্যর্থ হয় ।
এদিকে খবর পেয়ে নদীর ঘাটে ছুটে আসেন সন্দীপনের বাবা-মা । একমাত্র সন্তানকে হারিয়ে তারা কান্নায় ভেঙে পড়েন । পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বিভাগের বাহিনী এসে তল্লাশি শুরু করে । এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ।।
