এইদিন ওয়েবডেস্ক,বগুড়া,১৮ ফেব্রুয়ারী : ফের খুন হয়ে গেল বাংলাদেশের এক হিন্দু যুবক৷ এবারে ঘটনাস্থল বগুড়া শহর ৷ সুনীল বাঁশফোড় (২৩) নামে ওই যুবককে মাদক কারবারিরা ছুরি দিয়ে নৃশংসভাবে কোপানোর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল । কিন্তু সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার৷
নিহত সুনীল বাঁশফোড় শহরের সেউজগাড়ি সুইপার কলোনির বাসিন্দা সন্তোষ বাঁশফোড়ের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে শহরের স্টেশন রোড এলাকায় সেন্ট্রাল মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে।অনিক নামে এক চিহ্নিত মাদক কারবারি সুনীলের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে এক পর্যায়ে অনিক তার কাছে থাকা চাকু দিয়ে সুনীলের পেটে ও উরুতে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সুনীলকে দ্রুত উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজফুজার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় গত ১৫ ফেব্রুয়ারি সুনীলের বাবা সন্তোষ বাঁশফোড় অনিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছিলেন। তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত মাদক কারবারি অনিক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।।
