এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৬ ফেব্রুয়ারী : পথ দুর্ঘটনা মৃত স্ত্রী ও শিশুসন্তানের দেহ মর্গে ফেলে এস আই আর শুনানিতে হাজির হলেন শোকার্ত স্বামী ৷ এমনই মর্মান্তিক ঘটনার স্বাক্ষী থাকলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আগত রোগীর পরিজনরা । মালদার গাজোল থানার খড়দহিল এলাকার বাসিন্দা এমডি ইয়াসিন আনসারী এসআইআর শুনানি কেন্দ্রে যাওয়ার আগে সংবাদমাধ্যমকে জানান,তার ও তার স্ত্রী হালিমা খাতুনের নামের ভুলের কারনে শুনানির নোটিশ করে ছিল নির্বাচন কমিশন । আজ ছিল শুনানির দিন । সেই কারনে নথিপত্র ও নয় মাসের পুত্র সন্তান আরিফ হাসানকে সঙ্গে নিয়ে বাস ধরবে বলে টোটো করে আমবাজার আসছিলেন । সেই সময় সুস্তানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উল্টে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হয় এবং হাসপাতালে পুত্র সন্তানেরও মৃত্যু হয়।
জানা গেছে,কালিয়াচকের সুজাপুর নয়মৌজা হাই মাদ্রাসায় শিক্ষকতা করেন মহম্মদ ইয়াসিন আনসারী । কর্মসূত্রে তিনি সুজাপুরে পরিবার নিয়ে থাকতেন। কিন্তু সুস্তানি এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় কেড়ে নিল তার স্ত্রী ও শিশুসন্তানের প্রাণ । দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের যান । সেখানে স্ত্রী হালিমা খাতুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । তার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সন্তানের । কিন্তু হাসপাতালের মর্গে স্ত্রী সন্তানের মৃতদেহ ফেলে রেখে এতবড় আঘাত বুকে নিয়েই তাকে ছুটে যেতে হয় গাজোল বিডিও অফিসে ।।

