এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২১ ফেব্রুয়ারী : বাড়িতে কেউ না থাকার সুযোগে ভরদুপুরে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার দত্তবাটি গ্রামের এক শিক্ষিকার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে আজ শনিবার । বাড়ির পিছন দরজার তালা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে আলমারি ভেঙে যাবতীয় সোনার গয়না, নগদ টাকা লুটপাট চালায় দুষ্কৃতীরা । প্রায় ৭-৮ ভরি সোনার গয়না, ১৫ ভরি রূপোর সামগ্রী চুরি হয়ে গেছে বলে জানিয়েছেন মালবিকা পাল নামে ওই শিক্ষিকা ।
জানা গেছে,কেতুগ্রাম থানার নলিয়াপুর-দত্তবাটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষিকা মালবিকা পাল । তাঁর স্বামী ভবেশ পাল কলকাতায় বিস্কুট কারখানায় কাজ করেন৷ কর্মসূত্রে তিনি সেখানেই থাকেন৷ তাঁদের একমাত্র মেয়ে বিজয়া বর্ধমানে হোস্টেলে থেকে পড়াশুনা করেন ৷ আজ শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ স্কুলে যান মালবিকাদেবী । বাড়ি তালাবন্ধ ছিল। সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়ির পিছন দরজার তালা ভেঙে বাড়ির ভিতরে ঢোকে দুষ্কৃতীরা । তারপর দুটি ঘরের তালা ভেঙে লুটপাট চালায় । দুপুর ১ টা ২০ মিনিট নাগাদ স্কুল থেকে বাড়ি ফিরে চুরির ঘটনা নজরে পড়ে মালবিকাদেবীর । তিনি বলেন,’মেয়ের বিয়ের জন্য গহনা গড়িয়ে রেখেছিলাম, সব চুরি করে নিয়েছে । এছাড়া একটি ঘরের ট্রাঙ্ক ভেঙে ১৫ হাজার টাকাও চুরি করে নিয়ে গিয়েছে৷’
এই ঘটনার পর কেতুগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষিকা । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । জানা গেছে,শিক্ষিকা মালবিকা পালদের বাড়ির পাশেই একটি সোনা রূপোর গয়নার দোকান রয়েছে । ওই দোকানের সিসিটিভি ফুটেজে সাড়ে এগারোটা নাগাদ একটি বাইকে সহ দু’ জন সন্দেহজনক ভাবে ওই বাড়ির সামনে ঘুরতে দেখা গেছে । স্থানীয় বাসিন্দাদের অনুমান ওই দুই দুষ্কৃতীই চুরির ঘটনা ঘটিয়েছে । পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে ।।

