দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৮ মার্চ : যৌবনে চড়চড় করে বড়বড় গাছে উঠে পড়তেন । আর এই বিরল দক্ষতার কারনে “গেছুড়ে” খ্যাতিও জুটে গিয়েছিল এলাকায় । আজ তিনি ৯০ বছরের বৃদ্ধ । তাহলেও যৌবনে গাছে ওঠার অভ্যাস তিনি ভুলতে পারেননি । হয়ত পুরনো দিনের সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে নিজের বর্তমান বয়সটাই ভুলে গিয়েছিলে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের কাছারিপাড়ার বাসিন্দা বৃদ্ধ যুধিষ্ঠির চক্রবর্তী। আজ রবিবার বাড়ির দু’তলার বারান্দার গেটের চাবি খুঁজে না পেয়ে ছাদ থেকে আমলকি গাছ বেয়ে একতলায় নেমে আসার চেষ্টা করেছিলেন তিনি । কিন্তু কার্নিস থেকে গাছের ডালে চড়তেই শরীর জবাব দিয়ে দেয় । আর ওই ডালে বসেই প্রাণ বাঁচাতে তিনি চিল চিৎকার জুড়ে দেন । ঘটনাকে ঘিরে হুলুস্থুল কান্ড বেধে যায় এলাকায় । প্রতিবেশীরা গাছের নিচে এসে ভিড় জমান । কিন্তু কেউই সাহস করে বৃদ্ধকে উদ্ধারে অগ্রসর হননি । অবশেষে খবর পেয়ে দমকলকর্মীরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করেন।
জানা গেছে,বিপত্নীক যুধিষ্ঠির চক্রবর্তী বাড়ির দোতলায় একাই থাকেন । তাঁকে দেখাশোনার জন্য একজন পরিচর্যাকারী আছে। রবিবার সকালে দোতলার বারান্দার গেটে তালা দেওয়া ছিল। কিন্তু তালার চাবি খুঁজে পাচ্ছিলেন না তিনি । চাবিটি সম্ভবত একতলায় ভুলে এসেছেন মনে করেন তিনি । তাই পরিচর্যাকারীর ফিরে আসার অপেক্ষা না করেই বাড়ির পাশে আমলকি গাছ বেয়ে নেমে একতলায় আসার পরিকল্পনা করেন তিনি । গাছে ওঠানামা করার পূর্ব অভিজ্ঞতা থাকলেও নিজের বয়সকেই তিনি বেমালুম ভুলে যান । কিন্তু ছাদের কার্নিশ বেয়ে গাছের ডালে বসতেই তার শরীর জাবাব দিয়ে দেয় । ফলে গাছের ডালে বসে তিনি হাঁপাতে শুরু করেন । কাঁপতে থাকে গোটা শরীর । ওই অবস্থাতেই বাঁচানোর জন্য পরিত্রাহি চিৎকার করে লোকজন ডাকাডাকি করেন । প্রতিবেশীরা দলবেঁধে ছুটে আসেন। খবর যায় কাটোয়া দমকল অফিসে ৷ পরে দমকলকর্মীরা নিচে থেকে মই বেয়ে উঠে বৃদ্ধকে কোনো রকমে ছাদে নামাতে সক্ষম হয় । যদিও যে চাবির খোঁজে যুধিষ্ঠির চক্রবর্তী গাছ বেয়ে একতলায় আসার চেষ্টা করছিলেন, সেটি দু’তলায় তার বিছানার বালিশের নিচে থেকেই পাওয়া যায় ।
জানা যায়,যুধিষ্ঠির চক্রবর্তী একসময় প্রাণীসম্পদ বিকাশ দফতরের কর্মী ছিলেন। তিন বছর আগে তাঁর স্ত্রী গায়ত্রীদেবীর মৃত্যু হয়েছে। তাঁদের তিন মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। দুই ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন । বর্তমানে পেনশন পান তিনি । স্ত্রীর মৃত্যুর পর একজন পরিচর্যাকারী রেখে বাড়ির দোতলায় একাই থাকেন যুধিষ্ঠিরবাবু।।
