শ্যামসুন্দর ঘোষ,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৮ নভেম্বর : সিপিএম ও তৃণমূল কংগ্রেসের জমানা মিলে দীর্ঘ ২২ বছর ধরে তোলাবাজির অভিযোগ তুলে পোস্টার সাঁটানো হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় । আজ শনিবার সাতসকালেই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে । কাটোয়া বাসস্ট্যাণ্ডের একাধিক জায়গায় পোস্টার সাঁটানো হয়েছে । পূর্বের তৃণমূল সমর্থিত বাস কর্মচারী সংগঠনের পদাধিকারিদের ছবি দিয়ে পোস্টারে তাঁদের ‘মহাচোর’ বলে অবিহিত করা হয়েছে৷
পোস্টারে ওই ৫ ব্যক্তিদের ছবিসহ লেখা হয়েছে, “২০০৪-০৫ সাল থেকে ২০২৬, এই ২২ বছরে কাটোয়া বাসস্ট্যাণ্ডের সন্ত্রাসী তোলাবাজ৷” তারপরেই ১ নম্বরে চেয়ারম্যান হিসাবে কাটোয়ার প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে৷ দু’নম্বরে রয়েছে বাসস্ট্যাণ্ডের ইউনিয়নের সভাপতি নারায়ন চন্দ্র সেন ওরফে নাড়ু সেনের নাম ৷ তিন নম্বরে সহ-সভাপতি হিসাবে সমীর হাজরা ওরফে শম্ভু হাজরার নাম ও ছবি রয়েছে। তার নামের পাশে লেখা রয়েছে “মহাচোর ও চরিত্রহীন” ৷ তারপরেই চতুর্থ নম্বরে লেখা রয়েছে সাংবাদিক রনদেব মুখার্জী এর নাম ৷ পাঁচ নম্বরে কোষাধক্ষ্য আশীষ দত্ত ওরফে লাল্টুর নাম ও ছবি রয়েছে৷ পোস্টারের শেষে লেখা রয়েছে “এই পাঁচজন মহাচোর ৷ বাসস্ট্যাণ্ডের কোটি কোটি টাকা আস্মাসাৎ করে বসে আছে৷ হিসাব করে সব টাকা সুদ সমেত ফেরত দিতে হবে৷ একটা চোরকেও আমরা ছাড়ব না৷” তবে কারা এমন পোস্টার সাঁটিয়েছে তা নিয়েও ধন্ধ রয়েছে।
বাসস্ট্যাণ্ডের একাংশ দাবি, কোটি কোটি টাকা আত্মসাত করেছে ওই পাঁচজন৷ ইতিমধ্যেই নারায়ন চন্দ্র সেনের নামে আর্থিক কেলেঙ্কারি মামলায় জেল খেটেছে। এখন তিনি জামিনে মুক্ত রয়েছেন ৷ অনেকেরই বক্তব্য ওই পাঁচজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তদন্ত করে দেখা হোক৷ তাহলে কোটি কোটি টাকা আত্মসাতের প্রমান পাওয়া যাবে বলে মনে করছেন তারা ।
জানা যায়,রনদেব মুখার্জী একটি বৈদ্যুতিক সংবাদমাধ্যমের সাংবাদিক৷ কিন্তু তিনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ট বলে পরিচিত ছিলেন ৷ তার তারকেশ্বর-মেমারি রুটে দুটি বাস ছিল৷ সেই কারণে বাস কর্মচারী সংগঠনের সংগঠনের সম্পাদক পদে ছিলেন তিনি।
কাটোয়া বিএমএস এর কো-কনভেনার মৃণাল দাস বলেন,”যিনি পোস্টারটি মেরেছেন তাকে সাধুবাদ জানাই । সঠিক জায়গায় সঠিক কাজ করেছেন। আমাদের দাবি ওই পাঁচজনকে গ্রেফতার করা হোক।” তিনি আরও বলেন,”এর আগে নাড়ু সেন গ্রেপ্তার হয়েছিলেন । কিন্তু তিনি যে দুর্নীতি করেছেন সেটা সবাই জানে । আর তারা দুর্নীতির শরিক বাকি চারজনও । তাই আমাদের দাবি প্রত্যেককে গ্রেফতার করা হোক ।” সেই সাথে এই দুর্নীতির অভিযোগে একজন সাংবাদিকেরা নামা চাই তিনি বিস্ময় প্রকাশ করেছেন ।।
