এইদিন ওয়েবডেস্ক,আসাম,২৩ নভেম্বর : নৈশকালীন প্রহরার সময় বাংলাদেশি মহিষ পাচারকারীদের পিছু ধাওয়া করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন বিএসএফের এক জওয়ান । নিখোঁজ জওয়ানের নাম কে ভেনু (৩০)। বিএসএফের ৭৫ নম্বর ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত কে ভেনু অন্ধ্রপ্রদেশের বাসিন্দা৷ আজ সোমবার (২৩ নভেম্বর, ২০২৬) ভোরে আন্তর্জাতিক সীমান্তে রাত্রিকালীন টহল চলাকালে কাটিগড়া এলাকার হরিণনগরে এই ঘটনাটি ঘটে । মহিষ পাচারকারীদের ধাওয়া করার সময় বরাক নদীতে পড়ে গিয়ে তিনি বরাক নদীতে তলিয়ে গেছেন নাকি পাচারকারীরা তাঁকে অপহরণ করেছে, তা এখনো স্পষ্ট নয় ৷ নিখোঁজ জওয়ানের সন্ধানে বিএসএফ, কাটিগড়া পুলিশ ও এসডিআরএফের যৌথ উদ্যোগে জোরদার তল্লাশি অভিযান শুরু হয়েছে।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ভেনু অন্যান্য বিএসএফ সদস্যদের সঙ্গে টহল দেওয়ার সময় একদল বাংলাদেশি মহিষ পাচারকারীদের দেখতে পান, যারা নদীপথে বাংলাদেশে মহিষ পাচারের চেষ্টা করছিল । সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব এবং কনস্টেবল কে. ভেনু দলটিকে আটকানোর জন্য এগিয়ে যান বলে জানা গেছে। তবে, কে. ভেনু ধাওয়া করার সময় তিনি পিছলে বরাক নদীতে পড়ে গেছেন নাকি পাচারকারীরা তাকে অপহরণ করেছে, তা এখনো স্পষ্ট নয় । এই ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
ঘটনার পরপরই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), স্থানীয় পুলিশ এবং বিএসএফ বরাক নদী ও সংলগ্ন এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করে। বিএসএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধারকারী দলগুলোর সঙ্গে সমন্বয় করছেন। তবে সর্বশেষ খবর অনুযায়ী, নদীতে ডুবে যাওয়ার পাশাপাশি বাংলাদেশি পাচারকারীরা তাঁকে অপহরণ করে সীমান্তের ওপারে নিয়ে গেছে বলেও প্রবল সন্দেহ করা হচ্ছে।
উল্লেখ্য,ঘটনাটি আন্তর্জাতিক সীমান্তের একটি সংবেদনশীল অংশে ঘটেছে, যেখানে আন্তঃসীমান্ত চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যকলাপ প্রতিরোধের জন্য নিরাপত্তা কর্মী মোতায়েন রাখা হয়।।
