এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৩ নভেম্বর : ভারতের সামরিক অভিযান “অপারেশন সিঁদূরের” সময় পাকিস্তানকে সর্বোতভাবে সাহায্য করেছিল চীন । কিন্তু চীনের সেই সমস্ত সাহায্য ভারতের কোনো ক্ষতিই করতে পারেনি । এবারে শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে যখন ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক তলানিতে,তখন পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে কাজে লাগাচ্ছে চীন । ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্য বাণিজ্যিক মালবাহী জাহাজে বাংলাদেশে বিপুল পরিমান রকেট ও ক্ষেপণাস্ত্রের বিস্ফোরক পাঠাচ্ছিল বেইজিং । কিন্তু ইন্দোনেশিয়ার নৌবাহিনী ওই জাহাজটি আটকে দিয়েছে।
আফ্রিকার দ্বীপরাষ্ট্র কমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ (আইএমও: ৮৩৫৬৯৬২) নামের জাহাজটি চীনের লিয়ানইউনগাং বন্দর থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে আসছিল। গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ানের জলসীমায় জাহাজটিকে আটক করে ইন্দোনেশিয়ার নৌবাহিনী । জাহাজটি থেকে রকেট ও ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরিতে ব্যবহৃত ৪০৫ টন রাসায়নিক পদার্থ ‘সোডিয়াম পারক্লোরেট’ এবং লাখ লাখ অনিবন্ধিত ৪জি এলটিই সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে ।
নৌবাহিনীর ফার্স্ট রিজিওনাল কমান্ডের সদর দপ্তরে ইন্দোনেশিয়ান ফ্লিট কমান্ডের কমান্ডার ভাইস অ্যাডমিরাল দেনিহ হেনদ্রাতার এক সাংবাদিক সম্মেলনের পর গত ২০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করে ইন্দোনেশীয় নৌবাহিনী।
আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ‘ভেসেল ফাইন্ডার’-এর তথ্য অনুযায়ী, জাহাজটির ৮ নভেম্বর দুপুর ১২টায় মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে এই চালানের আমদানিকারক প্রতিষ্ঠান বা ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কাস্টমস সূত্র জানিয়েছে, সাধারণত ‘ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট’ (আইজিএম)-এর মাধ্যমে আমদানিকারকের পরিচয় নিশ্চিত হওয়া যায়, যাতে আমদানিকারক ও পণ্যের বিস্তারিত বিবরণ থাকে। কিন্তু জাহাজটি বাংলাদেশে পৌঁছানোর আগেই আটক হওয়ায় আমদানিকারকের পরিচয় নিশ্চিত হতে আরও তদন্ত প্রয়োজন।
ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, জাহাজটি নির্ধারিত সময়ে মোংলায় না গিয়ে দেশটির জলসীমায় অননুমোদিতভাবে যাত্রা বিরতি করে। সে সময় জ্বালানি নেওয়ার প্রয়োজনের কথা জানিয়েছিল জাহাজ কর্তৃপক্ষ।তবে জাহাজটির গতিবিধি ও চলাচলে অসঙ্গতি ধরা পড়লে নৌবাহিনীর টহল জাহাজ ‘কেআরআই সিগালু-৮৫৭’ সেটিকে গতিরোধ করে। অভিযোগ রয়েছে, জাহাজটি নৌবাহিনীর রেডিও যোগাযোগের কোনো জবাব দেয়নি। তল্লাশির পর দেখা যায়, জাহাজটির আনুষ্ঠানিক নিবন্ধনের মেয়াদ স্থগিত ছিল এবং তাদের কাছে থাকা নথিপত্রও ভুয়া বলে সন্দেহ করা হচ্ছে।
জাহাজে থাকা মোট ৩৬টি কনটেইনারে তল্লাশি চালিয়ে ১৫টি কনটেইনার থেকে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট উদ্ধার করে নৌবাহিনীর সদস্যরা। এ ছাড়া ৫৪টি প্যালেটে লাখ লাখ অনিবন্ধিত খালি ফোরজি সিম কার্ড পাওয়া যায়।ফার্স্ট রিজিওনাল কমান্ডের প্রধান রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ান জানান, সোডিয়াম পারক্লোরেট হলো একটি শক্তিশালী অক্সিডাইজিং রাসায়নিক এজেন্ট, যা রকেট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের কঠিন জ্বালানি (প্রোপেলান্ট) তৈরিতে অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়। তিনি উল্লেখ করেন, বাজেয়াপ্ত করা এই বিপুল পরিমাণ রাসায়নিক দিয়ে অন্তত ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব।
এই চালানটি বাংলাদেশে কার কাছে পাঠানো হচ্ছিল এবং এর প্রকৃত মালিক কে—তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র রহস্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
জাহাজের ক্রু, পণ্যের বিবরণীর গরমিল এবং এসব সামগ্রীর চূড়ান্ত প্রাপক কারা ছিল, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ।
তবে জাহাজ পরিচালনাকারী শিপিং কোম্পানি, চালানের প্রকৃত মালিক কিংবা এর পেছনে দায়ী ব্যক্তিদের নাম এখনো প্রকাশ করেনি দেশটির নৌবাহিনী। আন্তর্জাতিক নৌপথ ব্যবহার করে এমন সংবেদনশীল রাসায়নিক পরিবহনের ঘটনাটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও বড় আলোচনার জন্ম দিয়েছে।
সোডিয়াম পারক্লোরেট আসলে কী?
সোডিয়াম পারক্লোরেট (NaClO₄) একটি অত্যন্ত শক্তিশালী জারক বা অক্সিডাইজিং রাসায়নিক। এটি শিল্পক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, বিশেষ করে রকেটের জ্বালানি, বিভিন্ন ধরনের বিস্ফোরক এবং আতশবাজি তৈরিতে এটি অপরিহার্য। এটি নিজে কোনো সরাসরি বিস্ফোরক বা জ্বালানি নয়, তবে নির্দিষ্ট পরিস্থিতিতে এটি ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে সহায়ক হিসেবে কাজ করে।
শিল্প ও গবেষণাগারে এর বৈধ ব্যবহার থাকলেও অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের তীব্র ঝুঁকির কারণে আন্তর্জাতিকভাবে এর পরিবহন ও সংরক্ষণে অত্যন্ত কঠোর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করা হয়। মনে করা হচ্ছে যে,চলতি কুটনৈতিক উত্তেজনার মাঝে ওই বিপুল বিস্ফোরক ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য বাংলাদেশকে দিয়েছে কমিউনিস্ট চীন৷।
