এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ নভেম্বর : কলকাতার কলেজ স্ট্রিটে দলের বইয়ের স্টলে গিয়ে “গো ব্যাক” শ্লোগান শুনতে হল সিপিএম নেতা বিমান বসুকে । বইয়ের স্টল বসানোকে ঘিরে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর মধ্যে দু’দিন ধরে উত্তেজনা চলছে । আজও দু’পক্ষের হাতাহাতিতে রনক্ষেত্র হয়ে ওঠে এলাকা৷ তারই মাঝে সিপিএমের স্টলে ভাষণ দিতে গিয়েছিলেন বৃদ্ধ বিমান বসু ও সুজন চক্রবর্তী । আর তখনই এবিভিপি সমর্থকরা তাদের গাড়ি ঘিরে “গো ব্যাক” শ্লোগান তোলে । পুলিশ কোনো রকমে পরিস্থিতি সামাল দিলে বিমান বসুর গাড়ি চলে যায় । আর তখন এবিভিপি সমর্থকরা শ্লোগান দেয় : “পালালো রে পালালো, বিমান বসু পালালো” ।
মঙ্গলবার পুলিশের অনুমতি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলেজ স্ট্রিট চত্বরে তিন দিনের ‘মিনি বইমেলা’ শুরু করেছিল সিপিএম ও এসএফআই । আজ বুধবার এসএফআইয়ের স্টলের সামনেই পালটা বইয়ের স্টল বসাতে উদ্যোগী হয় এবিভিপি। তা ঘিরেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যারিকেড বসালেও উত্তেজনা কমেনি । ঠেলাঠেলিতে অল্পবিস্তর আহত হিব এসএফআইয়ের এক সদস্য । অন্যদিকে, বুকস্টল বসানোর অনুমতির দাবিতে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান এবিভিপি সদস্যরা।
এবিভিপি-র কলকাতা মহানগরের স্বাধীন হালদার জানান,’এসএফআই যদি এখানে বই বিক্রি করে তা হলে আমরাও করব।’ তিনি আরও বলেন,’আমাদের আপত্তি আছে ওদের ইতিহাসে বই বিক্রি নিয়ে। অরাজকতা সৃষ্টিকারীদের নাশ করবই ।’।
