বর্তমান ভারতীয় রাজনীতিতে যোগী আদিত্যনাথ এখন একটা ব্রান্ড ৷ দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়তায় তিনি নরেন্দ্র মোদীর থেকে অনেকাংশে এগিয়ে আছেন বলে মনে করেন অনেকে । হিন্দুত্ববাদের ফায়ারব্র্যান্ড এই নেতাকে এখন থেকেই ভবিষ্যৎ ভারতের প্রধানমন্ত্রী হিসাবে কল্পনা করেন অনেকে । কিন্তু তাঁর এই ভাবমূর্তি বিজেপি বিরোধী দলগুলির যত না মাথাব্যথার কারন তার চেয়ে বেশি মাথাব্যথার কারন তার নিজের দলের বিরুদ্ধে গোষ্ঠীর মধ্যে,বলে দাবি করা হচ্ছে ।
জাতীয় রাজনীতিতে বিজেপির “গুজরাট লবি” এবং “কানপুর লবি”র চোরা সংঘাত এখন বহুল চর্চিত বিষয় হয়ে গেছে । দাবি করা হচ্ছে যে,যোগী আদিত্যনাথকে সামনে রেখে এই “গুজরাট লবি”র একছত্র আধিপত্যের উপর বিরাম টানতে চাইছে “কানপুর লবি” । অন্যদিকে “গুজরাট লবি”র প্রচেষ্টা হল যে ২০২৭ সালের উত্তরপ্রদেশের বিধানসভার ভোটে যেনতেন প্রকারেণ যোগী আদিত্যনাথের পরাজয় নিশ্চিত করে “কানপুর লবি”কে জাতীয় রাজনীতিতে অকার্যকর করে দেওয়া ।
বিজেপির আভ্যন্তরীণ এই সংঘাত এখন আর চাপা নেই । খোদ যোগী আদিত্যনাথও এই বিষয়ে মুখ খুলেছেন । তিনি অভিযোগ করেছেন যে, উত্তরপ্রদেশের বিশেষ নিবিড় ভোটার সংশোধন কর্মসূচি বা SIR-এ (Special Intensive Revision) ১.২৭ কোটি (১.২৭ লক্ষ নয়) হিন্দু ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে । একই সঙ্গে তাঁর দাবি, এর ফলে সংখ্যালঘু বা মুসলিম ভোটারের সংখ্যা প্রায় ১.৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধু তাইই নয়,দলিত সম্প্রদায়ের দল ভীম আর্মি জোট করেছে ইসলামপন্থী আসাদউদ্দিন ওয়াইসির সঙ্গে । ফলে যোগীর “বাটঙ্গে তো কাটঙ্গে” আহ্বান অকার্যকর করে বিজেপির দলিত ভোট কাটার একটা সম্ভাবনা তৈরি হয়েছে । সব মিলিয়ে ২০২৭ সালের বিধানসভার ভোট যোগী আদিত্যনাথের জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে ।
যোগী আদিত্যনাথের সবচেয়ে বড় মাথাব্যথার কারন হয়ে গেছে এসআইআর । পশ্চিমবঙ্গে যেমন এসআইআর-এ প্রায় এক কোটি নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় মমতা ব্যানার্জির শাসনকালের অবসান সুনিশ্চিত করেছিল,ঠিক উত্তরপ্রদেশের ১ কোটি ২৭ লক্ষ নাম বাদ যাওয়ায় যোগী আদিত্যনাথের জন্য সেই আশঙ্কা দেখা দিয়েছে ৷ এসআইআর (SIR)-এর আগে উত্তরপ্রদেশে মোট ১৫.৪৪ কোটি ভোটার ছিলেন, যা সংশোধনের পর কমে ১৩.৩৯ কোটিতে দাঁড়িয়েছে। এই প্রক্রিয়াটি চলেছিল ২০২৫ সালের ২৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ১০ এপ্রিল পর্যন্ত। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন যে এই বাদ পড়া ভোটারদের মধ্যে প্রায় ১.২৭ কোটি হিন্দু ভোটার রয়েছেন এবং পঞ্চায়েত নির্বাচনে যাদের নাম ছিল, এখন তা তালিকা থেকে বাদ পড়েছে।তুলনায় বেড়েছে মুসলিম ভোটারের সংখ্যা। সেই নিয়ে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বলে জানান । সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘পঞ্চায়েত আজতক উত্তর প্রদেশ’ অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন যোগী। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে আগামী ১৭ নভেম্বর আনুষ্ঠানিক জবাব বা প্রতিক্রিয়া জানানো হতে পারে বলে জানা গেছে।
ভারতীয় রাজনীতির গতিপ্রকৃতি নির্ধারণে সর্ববৃহৎ রাজ্য উত্তরপ্রদেশের ভূমিকাই প্রধান । কিন্তু এই প্রদেশের রাজনীতিতে জাতপাত একটি অত্যন্ত নির্ণায়ক ও ঐতিহ্যবাহী বিষয় । আর এই রাজনীতির কেন্দ্রে রয়েছে গভীর সামাজিক ও জাতিগত বিভাজন। উত্তরপ্রদেশে মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ মুসলিম এবং ২১ শতাংশ দলিত ভোটার রয়েছেন। বহু বছর ধরে বহুজন সমাজ পার্টি (BSP) দলিত (বিশেষত জাটভ) ভোটব্যাংকের ওপর ভিত্তি করে রাজনীতি করলেও পরবর্তী সময়ে এই সমীকরণে পরিবর্তন এসেছে।
রাজ্যের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ অনগ্রসর শ্রেণির মানুষ। যাদবদের মতো প্রভাবশালী ও অনগ্রসর গোষ্ঠীর বাইরেও দুশোর বেশি ছোট ছোট অনগ্রসর জাত রয়েছে, যাদের মন জয় করতে বিভিন্ন রাজনৈতিক দল নানা কৌশল নেয়। পাশাপাশি উচ্চবর্ণের হিন্দু ভোট, বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী এবং ছোট ছোট দলগুলোর প্রভাবও নির্বাচনের সময় বড় ভূমিকা পালন করে।
যোগী আদিত্যনাথের হিন্দুত্ববাদী ইমেজ ইউপির হিন্দু ভোটব্যাংককে অনেকাংশে এককাট্টা করতে সক্ষম হয়েছিল । কিন্তু ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক জোটগুলোতে নতুন সমীকরণ হিন্দু ভোটব্যাংকে থাবা ফেলবে বলে মনে করা হচ্ছে । আসাদউদ্দিন ওয়াইসির দল এবং চন্দ্রশেখর আজাদের মতো দলিত নেতাদের নিয়ে নতুন জোট দলিত ও সংখ্যালঘু রাজনীতিতে নতুন প্রভাব ফেলবে ।
রাজ্যে জাতভিত্তিক সমাবেশ বা জাতপাতের রাজনীতির প্রভাব কমাতে এবং সামাজিক মেরুকরণ নিয়ন্ত্রণে আইনি ও প্রশাসনিক কড়াকড়ি করেছিলেন যোগী আদিত্যনাথ । তিনি সাধারণত হিন্দুত্ব ও উন্নয়নের বার্তার পাশাপাশি অ-যাদব OBC এবং অ-জাটভ দলিতদের ভোট একত্রিত করার কৌশল নেন । কিন্তু বর্তমানে ছোট দল, আঞ্চলিক নেতা এবং বিভিন্ন উপ-জাতির জোট গঠনের প্রবণতা এই জাতপাতের রাজনীতিকে আরও জটিল ও বহুমুখী করে তুলেছে।
পাশাপাশি যে ব্রাহ্মণ ভোটব্যাঙ্ককে বিজেপির কোর ভোটব্যাঙ্ক বলা হত, ঐতিহ্যগতভাবে বিজেপির অন্যতম বিশ্বস্ত সমর্থক গোষ্ঠী,তা আজ অশান্ত । প্রয়াগরাজের মাঘ মেলায় শঙ্করাচার্য স্বামী অবীমুক্তেশ্বরানন্দ সরস্বতীকে অপমান এবং তাঁর শিষ্যদের মাথার চূড়া ( শিখা ) জোর করে টেনে ধরে মারধর করার অভিযোগ, বিহারের ভোজপুর জেলায় পুলিশের সাথে সংঘর্ষে ভারত ভূষণ তিওয়ারির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট ক্ষোভ,মধ্যপ্রদেশে নরোত্তম মিশ্রকে উপনির্বাচনের টিকিট না দেওয়া, প্রভৃতি একাধিক ইস্যুতে আজ ব্রাহ্মণরা বিজেপির উপর ক্ষুব্ধ ।
উত্তর প্রদেশের জনসংখ্যার প্রায় ৯ থেকে ১১ শতাংশ ব্রাহ্মণ। রাজ্যের ৭৫টি জেলার মধ্যে ৩১টিতে তাদের প্রভাব বিশেষভাবে শক্তিশালী। পূর্বাঞ্চল, মধ্য উত্তর প্রদেশ এবং বুন্দেলখণ্ডের মতো অঞ্চলে রাজনৈতিক পর্যবেক্ষকরা প্রায়শই বলে থাকেন যে, ব্রাহ্মণ -সমর্থিত দলের সরকার গঠনের প্রবল সম্ভাবনা রয়েছে।ঐতিহাসিকভাবে, ব্রাহ্মণরা একটি নির্ণায়ক দোদুল্যমান ভোট হিসেবে কাজ করে এসেছে। তাদের আর্থ-সামাজিক প্রভাব, সুস্পষ্ট নেতৃত্ব এবং অন্যান্য বর্ণের মধ্যে জনমত গঠনে সক্ষমতা তাদেরকে নির্বাচনী ফলাফল নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ করে দিয়েছে। তবে, ব্রাহ্মণ রাজনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো কোনো একটি দলের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত থাকতে তাদের অক্ষমতা।
প্রবীণ সাংবাদিক শরৎ প্রধান দৈনিক ভাস্করকে বলেছিলেন, ব্রাহ্মণদের ক্ষোভ বছরের পর বছর ধরে দানা বাঁধছিল এবং বিকাশ দুবে এনকাউন্টার ও হরিশঙ্কর তিওয়ারির বিরুদ্ধে পদক্ষেপের মতো ঘটনায় তা আরও তীব্র হয়েছে। এই প্রথমবার ব্রাহ্মণরা মনে করছেন যে তাঁদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।২০২৭ সালের দিকে তাকালে, এই সম্প্রদায় সেই দলকেই সমর্থন করতে আগ্রহী বলে মনে হচ্ছে, যারা বিজেপিকে কার্যকরভাবে মোকাবিলা করতে পারবে। বিজেপি অসন্তোষের দাবিগুলো উড়িয়ে দিলেও, এসপি, বিএসপি এবং কংগ্রেসসহ বিরোধী দলগুলো সক্রিয়ভাবে ব্রাহ্মণ ভোটারদের মন জয় করার চেষ্টা করছে।
তিনি বলেছিলেন,সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রাজনৈতিক আশ্রয়স্থল হিসেবে বিবেচিত কংগ্রেস, এসপি-র সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে একটি নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে, যা সম্ভবত উত্তর প্রদেশের রাজনৈতিক ভূদৃশ্যকে নতুন রূপ দেবে।।

